৭৩ বিদ্যালয়ে আনন্দ-উৎসব

গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন প্রতিযোগিতা গতকাল সোমবার পাঁচটি জেলায় অনুষ্ঠিত হয়েছে। জেলাগুলো হলো: গাইবান্ধা, পাবনা, ময়মনসিংহ, ভোলা ও সুনামগঞ্জ। পাঁচ জেলার ৭৩টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিয়ে মেতে উঠেছিল আনন্দ-উৎসবে।
প্রথম আলোর সংশ্লিষ্ট প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা: শহরের শনির মন্দির রোডে অবস্থিত একটি হোটেলের মিলনায়তনে প্রতিযোগিতা শুরু হয় সকাল সাড়ে আটটায়। এতে অংশ নেয় জেলার শীর্ষস্থানীয় ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯৩ জন শিক্ষার্থী।
মেধা যাচাইয়ে চ্যাম্পিয়ন হয় সরকারি বালক উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে অংশ নেওয়া ১০ জন প্রতিযোগীর মধ্যে মুনতাসির ইসলাম মীম, মেহেদী হাসান, জাদ্দিল হাসান হামিম, নাসির হাসান আসিক ও রাসেল সরকার আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।
পাবনা: শহরের একটি কমিউনিটি সেন্টারে সকাল নয়টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এতে জেলার নয়টি উপজেলার ১৬টি বিদ্যালয়ের ১১৮ জন শিক্ষার্থী অংশ নেয়। দলীয় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা স্কুল নির্বাচিত হয় পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।
ময়মনসিংহ: আই-জেনের আসর বসে শহরের কালীবাড়ী এলাকার একটি পার্টি সেন্টারে। ১৫টি স্কুলের ১৩৪ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। দিনভর অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিযোগীরা এমসিকিউ পরীক্ষা, গেম জোন ও দলীয় উপস্থাপনায় অংশ নেয়। এতে দলীয় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা স্কুল নির্বাচিত হয় কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল। ওই স্কুলের পাঁচজন শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য নির্বাচিত হয়। তারা হলো: মো. তাসিন খান, আবরার চৌধুরী, মো. দিদারুল ইসলাম, জুবায়ের হোসেন ও মুয়ীদুল আলম। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ইয়েস কার্ড তুলে দেওয়া হয়।
ভোলা: সদর রোডের একটি হোটেলে সকাল আটটায় রেজিস্ট্রেশন শুরু হয়। এর আগেই ১৬টি বিদ্যালয়ের ১৫৩ জন প্রতিযোগী এসে জমায়েত হয় মিলনায়তনে। সঙ্গে আসেন বিদ্যালয়ের প্রধান ও অভিভাবকেরা। তিন পর্বের মেধা যাচাইয়ের পর সেরা বিদ্যালয় নির্বাচিত হয় ভোলা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয়ের ১০ প্রতিযোগীর মধ্যে সেরা হয় পাঁচজন। তারা হলো: সানজিদা খানম মাইশা, সারা ইসলাম, সাকেরা শর্মিলা হিমি, সানজিদা ইসলাম, সামিনুর হক। সর্বোচ্চ নম্বর ৫৬ পেয়ে প্রথম হয় সাকেরা শর্মিলা হিমি।
সুনামগঞ্জ: শহরের একটি কমিউনিটি সেন্টারে বৃষ্টি উপেক্ষা করে সকাল সাড়ে আটটার মধ্যে হাজির হয় ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নিবন্ধন শেষে শুরু হয় দিনব্যাপী জেলা পর্যায়ের এই প্রতিযোগিতা। এরপর এমসিকিউ পরীক্ষা, গেম ও দলীয় উপস্থাপনায় অংশ নেন শিক্ষার্থীরা। দলীয় সর্বোচ্চ নম্বর পেয়ে সেরা স্কুল নির্বাচিত হয় সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়।
আই-জেন আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আছে অ্যালপেনলিব, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই। সার্বিক সহযোগিতা করছে বন্ধুসভা। প্রতি জেলা থেকে গড়ে ১৬টি করে বিদ্যালয় অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। আজ মঙ্গলবার রাঙামাটি, রংপুর ও কুষ্টিয়ায় আই-জেন প্রতিযোগিতার আসর বসবে।