
এক গবেষণায় উঠে এসেছে, বাংলাদেশে ১৮ বছর বয়স হওয়ার আগেই ৭৩ শতাংশ মেয়ের বিয়ে হয়। তবে ছেলেদের ক্ষেত্রে বাল্যবিবাহের হার মাত্র ২ দশমিক ৮ শতাংশ।
আন্তর্জাতিক সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের ‘গেটিং দ্য এভিডেন্স: এশিয়া চাইল্ড ম্যারেজ ইনিশিয়েটিভ’ শীর্ষক গবেষণায় এ তথ্য রয়েছে। গবেষণায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের বাল্যবিবাহের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই গবেষণার ফল প্রকাশ করা হয়। গবেষণা অনুযায়ী, বাল্যবিবাহের ক্ষেত্রে ইন্দোনেশিয়া ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের অবস্থা খারাপ। পাকিস্তানে ছেলেদের ক্ষেত্রে বাল্যবিবাহের হার ১৩ শতাংশ, যা অন্য দুটি দেশের তুলনায় অনেক বেশি।
এই গবেষণার তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২৭ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে ১২ থেকে ১৪ বছর বয়সে। ইন্দোনেশিয়ায় এই বয়সীদের ৭ দশমিক ৮ শতাংশ এবং পাকিস্তানে ১৫ দশমিক ২ শতাংশ মেয়ের বিয়ে হচ্ছে। ইন্দোনেশিয়ায় ১৮ বছরের আগে ৩৮ শতাংশ মেয়ের বিয়ে হয়। ছেলেদের বেলায় এই হার ৩ দশমিক ৭ শতাংশ। পাকিস্তানে ১৮ বছরের আগে মাত্র ৩৪ দশমিক ৮ শতাংশ মেয়ের বিয়ে হয়।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এই গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ‘মেয়েরাও অনেক সময় বিয়ের জন্য উৎসাহী হয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। তাই তখন আর তাকে জোরপূর্বক বাল্যবিবাহ বললে ঠিক হবে না।’ তিনি বলেন, অভিভাবকদেরও সচেতন হতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, আগামী বছর মন্ত্রণালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি হবে বাল্যবিবাহ প্রতিরোধ। তিনি বাল্যবিবাহ বন্ধে পিয়ার গ্রুপ বা বন্ধুদের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার বিষয়টিতে গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান সব ধরনের বাল্যবিবাহকে ‘জোরপূর্বক’ বিয়ে বলে উল্লেখ করেন। এ গবেষণায় বিয়েতে মেয়ের সম্মতি ছিল কি না—এ ধরনের প্রশ্ন রাখায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘পশ্চিমা দেশ যেভাবে চাপিয়ে দেবে, আমাদের সেভাবে কথা বললে হবে না। আমাদের সমাধান আমাদেরই করতে হবে।’
মিজানুর রহমানের মতে, রাষ্ট্র নিরাপত্তা দিতে পারছে না বলেই অভিভাবকেরা মেয়ের বিয়ে দিতে বাধ্য হচ্ছেন।
অনুষ্ঠানে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের দেশীয় পরিচালক সিনেট গেব্রেটজিয়াভার সভাপতিত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনয়েট-পাইরি লারামি এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিনিধি আর্জেন্টিনা পিন্টো মাটাভেল পিচ্চিন অনুষ্ঠানে বক্তব্য দেন।