৭৪ জেলের খোঁজ মেলেনি ১ মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিখোঁজ জেলেদের দ্রুত উদ্ধারের দাবিতে গতকাল দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন করেন স্বজনেরা। নিখোঁজ স্বজনদের কথা বলতে গিয়ে অনেকে কেঁদে ফেলেন l ছবি: প্রথম আলো
নিখোঁজ জেলেদের দ্রুত উদ্ধারের দাবিতে গতকাল দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন করেন স্বজনেরা। নিখোঁজ স্বজনদের কথা বলতে গিয়ে অনেকে কেঁদে ফেলেন l ছবি: প্রথম আলো

বঙ্গোপসাগরে তিনটি মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ কক্সবাজারের ৭৪ জন জেলের সন্ধান মেলেনি এখনো। এদিকে নিখোঁজ জেলেদের দ্রুত উদ্ধার ও ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন হয়েছে।
গত ৬ নভেম্বর বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে তিনটি ট্রলারসহ ৭৪ জন জেলে ভেসে যান। নিখোঁজ জেলেরা শহরের উপকূলীয় এলাকা সমিতিপাড়া ও কুতুবদিয়াপাড়ার বাসিন্দা।
গতকালের মানববন্ধনে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা অংশ নেন। স্বজনদের অভিযোগ, নিখোঁজ জেলেদের উদ্ধারে সরকার মোটেও আন্তরিক নয়। প্রশাসনের কেউ তাঁদের খোঁজখবর নেয়নি।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার কামাল, আইনজীবী ফরিদুল আলম, মানবাধিকারকর্মী শাহেনা আক্তার, বেসরকারি সংস্থার কর্মী সাইফুল ইসলাম, প্রকৌশলী কানন পাল, মৎস্য ব্যবসায়ী আতিক উল্লাহ, নিখোঁজ মাছ ধরার ট্রলার এফবি সাজ্জাদের মালিক কামাল হোসেন।
ট্রলারমালিক কামাল হোসেন বলেন, ‘নিখোঁজ জেলেরা এ দেশের নাগরিক। তাঁরা এক মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ। তাঁদের উদ্ধারে সরকার আন্তরিক নয়। নিখোঁজ জেলেদের উদ্ধারের ব্যাপারে সচিবালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছি। জেলেদের তালিকাও দিয়েছি। অথচ তাঁদের উদ্ধারে কিছুই হচ্ছে না।’
শাহেনা আক্তার বলেন, নিখোঁজ জেলেদের পরিবারে চরম অর্থসংকট চলছে। অনেকের দিন কাটছে না খেয়ে।
কাউন্সিলর আক্তার কামাল বলেন, নিখোঁজ ৭৪ জেলের আয়ের ওপর নির্ভরশীল ছিল তাঁদের পরিবার। সেই উপার্জনক্ষম ব্যক্তিরা নিখোঁজ থাকায় দিশেহারা স্বজনেরা। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারিভাবে এখনো কোনো সহযোগিতা দেওয়া হয়নি। এসব পরিবারকে জরুরি ভিত্তিতে সহযোগিতা দেওয়া দরকার। তিনি বলেন, পাশের দেশগুলোতে কূটনৈতিক তৎপরতা চালালে নিখোঁজ জেলেদের সন্ধান মিলতে পারে। সম্প্রতি ঘূর্ণিঝড়ে নিখোঁজ একটি ট্রলারের পাঁচজন জেলে ২৪ দিন পর মিয়ানমার থেকে ফিরে এসেছেন।
নিখোঁজ জেলে নূর ছৈয়দের মা মরতুজা বেগম বলেন, ‘এক মাস ধরে ছেলের কোনো খবর নেই। বেঁচে আছে নাকি মরে গেছে সেটাও জানতে পারছি না। ছেলের আয় দিয়ে সংসার চলত। এখন কেউ খোঁজও নিচ্ছে না।’
জান্নাত আরা নামের এক নারী বলেন, তাঁর স্বামী অনেক দিন ধরে অসুস্থ। তাঁদের পরিবার চলত দুই ছেলে নুরুল বশর ও আরকান মিয়ার আয়ের ওপর। কিন্তু এক মাস ধরে তাঁর দুই ছেলের খোঁজ নেই। সবাই বলছে, তাঁর ছেলেরা বাতাসের তোড়ে ভেসে মিয়ানমারের আকিয়াবে চলে গেছেন।
মানববন্ধনে অংশ নেওয়া জটিল রোগে আক্রান্ত জহুরা বেগমকে (৩৫) প্রতি মাসে রক্ত নিতে হয়। তিনি বলেন, চিকিৎসার ভার বহন করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন তাঁর স্বামী। ৬ নভেম্বর ট্রলার নিয়ে বের হয়ে তিনি নিখোঁজ হয়ে যান। স্বামী নিখোঁজ হওয়ায় টাকার অভাবে রক্ত নিতে পারেননি। খেতে পারছেন না ওষুধও। এভাবে একদিন হয়তো বিনা চিকিৎসায় মারা যাবেন।