৭৪ লাখ টাকার গাড়ির যন্ত্রাংশসহ দুজন গ্রেপ্তার
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা গত বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মাতুয়াইলের শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ বাদল ও জাকির হোসেন নামের দুজনকে গ্রেপ্তার করেছেন। তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া আটটি গাড়ির যন্ত্রাংশ ও একটি চোরাই গাড়ি। ডিবি পুলিশ জানায়, গাড়ি চুরি প্রতিরোধ দলের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মোখলেছুর রহমানের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গত বৃহস্পতিবার মাতুয়াইলের শহীদনগর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে বাদল ও জাকিরকে গ্রেপ্তার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে তাঁরা গাড়ি চুরির কথা স্বীকার করেন। এরপর তাঁদের দেখানো একটি বাসায় অভিযান চালিয়ে আটটি প্রাইভেট কারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পরে জিএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামের প্রতিষ্ঠান থেকে একটি প্রাইভেট কার, একটি ইয়ামাহা মোটরসাইকেল এবং কাজলা ভাঙ্গা প্রেস এলাকার মেসার্স আরেফিন ওয়ার্কশপ থেকে চুরি হওয়া একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া আসামিরা জানান, ঢাকা মহানগর ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ির যন্ত্রাংশ চুরি, ডাকাতি ও ছিনতাই করে থাকেন তাঁরা। তাঁদের দলনেতা হলেন বিল্লাল নামের এক ব্যক্তি। বাড়ির প্রহরীদের অস্ত্রের ভয় দেখিয়ে গ্যারেজে আটক করে নতুন গাড়ির যন্ত্রাংশ খুলে নিয়ে বিল্লালের কাছে জমা করতেন তাঁরা। বিল্লাল সুযোগ বুঝে যন্ত্রাংশের দোকানে তা উচ্চমূল্যে বিক্রি করেন। উদ্ধার করা যন্ত্রাংশ ও গাড়ির মূল্য আনুমানিক ৭৪ লাখ ৫০ হাজার টাকা বলে পুলিশ দাবি করেছে।