৭৪ শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো আই-জেন
বিপুল উৎসাহ-উদ্দীপনায় চলছে গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৫-এর স্কুলপর্যায়ের বাছাই প্রতিযোগিতা। গতকাল মঙ্গলবার দেশের ৬১ জেলার ৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে এটি অনুষ্ঠিত হয়৷ এতে অষ্টম থেকে দশম শ্রেণির প্রায় ২৪ হাজার শিক্ষার্থী অংশ নেয়।
সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট বিষয়ে সচেতনতা ও আগ্রহ তৈরির চেষ্টাতেই আয়োজন এ প্রতিযোগিতার। আজ বুধবার ৭১ শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।
যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে গতকাল আই-জেন অনুষ্ঠিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পটুয়াখালী জুবিলী উচ্চবিদ্যালয়, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ, যশোর বিএএফ শাহীন কলেজ, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, সিলেট পাইলট উচ্চবিদ্যালয়, কুমিল্লার বরুড়ার হাজী নোয়াব আলী পাইলট উচ্চবিদ্যালয়, ভোলার নলিনী দাস বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও মাসুমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, রাঙামাটির লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও সরকারি বালিকা বিদ্যালয়, শেরপুরের মুকুল একাডেমি, নওগাঁর সীমান্ত পাবলিক স্কুল, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল, কিশোরগঞ্জের ভৈরবের বাংলাদেশ রেলওয়ে উচ্চবিদ্যালয়, ঝালকাঠির হরচন্দ্র বালিকা বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ জিলা আদর্শ উচ্চবিদ্যালয়, নোয়াখালীর সুবর্ণচরের জয়নাল আবদিন উচ্চবিদ্যালয়৷
ইন্টারনেট উৎসবের এই বিরাট আয়োজন বাস্তবায়ন করছে প্রথম আলো বন্ধুসভা৷ এর সহযোগী শিক্ষা মন্ত্রণালয়। আগামী তিন সপ্তাহ এ বাছাই অনুষ্ঠিত হবে দেশের সব জেলার দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে। ছয় লাখের বেশি শিক্ষার্থী অংশ নেবে এতে।
আই-জেন অনুষ্ঠানের মূলত দুটি অংশ৷ একটা অংশে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের মৌলিক নিয়মকানুন হাতে-কলমে জানতে পারছে৷ অপর অংশে ইন্টারনেটকে কীভাবে পড়াশোনা ও জ্ঞানার্জনে আরও ভালোভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে হচ্ছে কর্মশালা৷ পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট ও প্রযুক্তি জ্ঞান নিয়েও প্রতিযোগিতা হচ্ছে।
একটি সংক্ষিপ্ত মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে প্রতি স্কুল থেকে ১০ জনের একটি দল নির্বাচন করা হচ্ছে, যারা পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় স্কুলের প্রতিনিধিত্ব করবে। ধাপে ধাপে প্রতিযোগিতার পর দেশসেরা দল ও স্কুলের জন্য থাকবে বিদেশ ভ্রমণ, শিক্ষাবৃত্তি ও ডিজিটাল শ্রেণিকক্ষ স্থাপনের মতো আকর্ষণীয় পুরস্কার।
প্রতিযোগিতায় সহযোগিতা করছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডটকম, রেক্সোনা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই।