প্রশিক্ষণ রেজিমেন্ট আর্টিলারি সেন্টার ও স্কুল পরিচালিত ৭৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ গতকাল মঙ্গলবার চট্টগ্রামের হালিশহরের আর্টিলারি সেন্টার ও স্কুলে অনুষ্ঠিত হয়েছে। খবর আইএসপিআরের।আর্টিলারি সেন্টার ও স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রশিদউজ্জামান খান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। প্রধান অতিথি প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রিক্রুটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। রিক্রুট গানার ফিল্ড মো. আতিকুর রহমান সব বিষয়ে সর্বশ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হন। এ ছাড়া কুচকাওয়াজ, ফায়ারিং ও শরীরচর্চা প্রশিক্ষণে যথাক্রমে রিক্রুট ওসিইউ মংহাপ্রু মার্মা, রিক্রুট ডিএমটি তুলেশ চন্দ্র রায় এবং রিক্রুট ওসিইউ জামরুল ইসলাম শ্রেষ্ঠ রিক্রুট হিসেবে ক্রেস্ট নেন করেন। টিটিটিআইয়ের সনদ বিতরণ: ট্রাস্ট টেকনিকেল ট্রেনিং ইনস্টিটিউটের (টিটিটিআই) জানুয়ারি-জুন ২০১০ সেশনের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান গতকাল টিটিটিআইয়ের সেন্ট্রাল হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ও ট্রাস্ট টেকনিকেল ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি মেজর জেনারেল এ টি এম শহিদুল ইসলাম।প্রধান অতিথি এই সেশনের ছয়টি কোর্সের প্রতিটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন। এ ছাড়া কোর্সে অংশ নেওয়া ছাত্রদের জন্য পরিচালিত বিশেষ কোর্স ইংলিশ স্পোকেন ল্যাংগুয়েজ এবং আরবি স্পোকেন ল্যাংগুয়েজ কোর্সের ছাত্রদের মধ্যে ল্যাংগুয়েজ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার আপের মধ্যেও সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।