জলাবদ্ধতা নিরসনকে অগ্রাধিকার দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০১০-১১ অর্থবছরের ৭৪১ কোটি ৫১ লাখ ৫৩ হাজার টাকার বাজেট পেশ করেছেন মেয়র এম মন্জুর আলম। বাজেটে বিদ্যমান গৃহকর বাড়ানো হয়নি।গতকাল বৃহস্পতিবার সকালে সিটি করপোরেশনের বাজেট অধিবেশনে সর্বসম্মতিক্রমে এই বাজেট অনুমোদন করা হয়। একই অধিবেশনে গত অর্থবছরের সংশোধিত ২৯৪ কোটি ২৮ লাখ টাকার বাজেট পাস করা হয়। গত বছর প্রস্তাবিত বাজেট ছিল তিন হাজার ১২৭ কোটি টাকার, যা এবারের চেয়ে দুই হাজার ৩৮৬ কোটি টাকা বেশি। এবার বাজেট কম হওয়া সম্পর্কে প্রশ্নের জবাবে মেয়র বলেন, গতবার ফ্লাইওভার ও মেরিন ড্রাইভ নির্মাণের জন্য আড়াই হাজার কোটি টাকার দুটি প্রকল্প বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবার প্রকল্প দুটিকে বাজেটের বাইরে রাখা হয়েছে। তাই বাজেট ছোট হয়েছে। যদি ব্যক্তি খাতে বরাদ্দ পাওয়া যায় এবং মন্ত্রণালয় অনুমোদন দেয়, তাহলে ওই প্রকল্পগুলো চিন্তাভাবনা করা যাবে।এবারের বাজেটে নগরের জলাবদ্ধতা নিরসনকে অগ্রাধিকার দেওয়া প্রসঙ্গে মেয়র বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য একটি নতুন বিভাগ ও একটি স্ট্যান্ডিং কমিটি করা হয়েছে। দ্রুত এ সমস্যা সমাধানের জন্য ৫০ কোটি টাকার দরপত্র আহ্বান করা হবে। বাজেট বক্তৃতায় মেয়র বলেন, এর মধ্যে খাল খনন, নালা-নর্দমা পরিষ্কার ইত্যাদি রয়েছে। চাক্তাই ও মহেশ খালে স্লুইস গেট নির্মাণের জন্যও চুক্তি করা হবে। পর্যায়ক্রমে এই খাতে আরও ব্যয় বাড়ানো হবে। মেয়র বলেন, সড়ক উন্নয়ন, ফুটপাত নির্মাণ, বিভিন্ন রাস্তার মোড়ে ফ্লাইওভার নির্মাণ, গারবেজ কালেকশন ডিসপোজাল অ্যান্ড ট্রিটমেন্ট প্রকল্পসহ ১৫টি উন্নয়ন প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদন ও অর্থ বরাদ্দের জন্য পেশ করা হচ্ছে। এসব প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৫০ কোটি টাকা। এ ছাড়া বাজেটে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ৩৬টি প্রকল্পের কথা উল্লেখ করা হয়।বাজেটে নিজস্ব উত্স থেকে প্রায় ৫২২ কোটি টাকা ও ত্রাণ-সাহায্য বাবদ ২১৯ কোটি ৫৪ লাখ টাকার সম্ভাব্য আয় দেখানো হয়। বক্তৃতায় বলা হয়, নিজস্ব উেসর মধ্যে ৪০৩ কোটি টাকা গৃহকর পাওনা রয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরের দাবি করা কর ১০৫ কোটি টাকা। বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কাছে পাওনা আছে ৩৬১ কোটি টাকা। বাজেটে ব্যয়ের মধ্যে উন্নয়ন খাতে ৩৫৯ কোটি ১৯ লাখ টাকা, বকেয়া দেনা পরিশোধ বাবদ ৮৫ কোটি ৩৫ লাখ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, বিদ্যুত্-গ্যাস বিল পরিশোধ বাবদ ১৯১ কোটি টাকা উল্লেখ করা হয়েছে। বাজেট ঘোষণার সময় সিটি করপোরেশনের অর্থ ও সংস্থাপন স্ট্যান্ডিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর এলাহী, সচিব মো. কামরুজ্জামান, অর্থ কর্মকর্তা নারায়ণ চন্দ্র পাল ও কাউন্সিলররা উপস্থিত ছিলেন।