৭৫ দিন পর মাছ ধরতে সাগরে নামছে ট্রলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে নোঙর করে রাখা মাছ ধরার ট্রলার। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরে নোঙর করে রাখা মাছ ধরার ট্রলার। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

৭৫ দিন পর বঙ্গোপসাগরে মাছ শিকারে নেমেছে কক্সবাজারের অন্তত পাঁচ হাজার ট্রলার। সাগর উত্তাল থাকায় এত দিন মাছ ধরা বন্ধ ছিল। এদিকে আজ শনিবার থেকে কক্সবাজারে ইঞ্জিনচালিত মাছ ধরা নৌকার নিবন্ধন, লাইসেন্স প্রদান ও নবায়ন শুরু হচ্ছে।

কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, জুন থেকে আগস্ট মাসে সাগর প্রচণ্ড উত্তাল থাকে। এ সময় ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। তাই গত ৭৫ দিন সাগরে মাছ ধরা বন্ধ ছিল। গত বৃহস্পতিবার থেকে সাগরে মাছ শিকারে নামছেন জেলেরা। গত দুদিনে অন্তত পাঁচ হাজার ট্রলার সাগরে নেমেছে। আরও এক হাজার ট্রলার দু-এক দিনের মধ্যে সাগরে নামবে।

সমিতির তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন এলাকায় মাছ ধরার ট্রলার আছে প্রায় ছয় হাজার। এসব ট্রলারের জেলে-শ্রমিক আছেন প্রায় ১ লাখ ২০ হাজার।

গতকাল শুক্রবার দুপুরে শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাটে গিয়ে দেখা যায়, ৫০টির বেশি ট্রলার মাছ ধরার জন্য সাগরের দিকে ছুটছে। আরও কিছু ট্রলারের জেলেরা সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন।

এফবি সোনালি ট্রলারের জেলে আবদুল মালেক বলেন, ‘এখন সাগরে জাল ফেললেই ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশসহ নানা মাছ। কিন্তু জলদস্যু নিয়ে আতঙ্কে আছি। মাছ ধরে উপকূলে ফেরার সময় দস্যু বাহিনী লুটপাট চালাতে পারে।’

শহরের নাজিরারটেক এলাকার জেলে করিম উল্লাহ বলেন, ‘টানা ৭৫ দিন মাছ ধরতে পারিনি। এ কারণে সংসারে অভাব নেমে আসে। এখন ইলিশ ধরতে পারলে অভাব দূর হবে।’

খুরুশকুল এলাকার জেলে আবু ছিদ্দিক বলেন, ‘গত মৌসুমে সাগরে জলদস্যুদর হামলা ও অপহরণের শিকার হয়েছেন অনেক জেলে। মুক্তিপণ দিয়ে ফিরে এলেও তাঁরা এখন ঋণের ভারে জর্জরিত। আমরা সাগরে নিরাপদে মাছ ধরার নিশ্চয়তা চাই।’

সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, জলদস্যুদের লুটপাট বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে। দস্যুদের উৎপাত বন্ধ করা গেলে এ মৌসুমে প্রায় তিন লাখ মেট্রিক টন মাছ আহরণ করা যাবে।

জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, সাগরে জেলেদের নিরাপত্তা ও জলদস্যুদের দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর।

এদিকে জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন জানান, শনিবার (আজ) থেকে ইঞ্জিনচালিত মাছ ধরা নৌকার নিবন্ধন, লাইসেন্স প্রদান ও নবায়ন শুরু হবে। এ জন্য নৌবাণিজ্য অধিদপ্তর ও সামুদ্রিক মৎস্য দপ্তরের সমন্বয়ে একটি যৌথ দল গঠন করা হয়েছে। কক্সবাজারে বিএফডিসির মৎস্য অবতরণকেন্দ্রে ২৬ আগস্ট পর্যন্ত এ কার্যক্রম চলবে।

অমিতোষ সেন জানান, জেলায় তালিকাভুক্ত মাছ ধরা নৌকার সংখ্যা প্রায় ৪ হাজার ৭০০টি। এসব ট্রলারের প্রায় ৪২ হাজার জেলেকে তালিকাভুক্ত করা হয়েছে। অন্য জেলেদের নিবন্ধন কার্যক্রম চলছে।

ফিশিং বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে নিবন্ধন, লাইসেন্স গ্রহণ ও নবায়নের জন্য নৌযানের মালিক ও জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে।