৭৫ দিনের জরুরি মেরামত ২১৩ দিনেও শেষ হয়নি
রাজশাহীতে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অধীনে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর জরুরি পুনর্বাসন প্রকল্পের অধীনে ৭৫ দিনের কাজ ২১৩ দিনেও শেষ হয়নি। ১১টি গ্রুপের এ কাজের বরাদ্দ ছিল ৬৬ কোটি ৬৭ লাখ টাকা। এখনো ছয়টি গ্রুপের কাজ শুরুই হয়নি। আর যারা কাজ করেছে, তারা টাকা পায়নি। কর্তৃপক্ষ বলছে, বরাদ্দ না থাকায় বিল দেওয়া যাচ্ছে না। একই কারণে অন্যরা কাজ করেনি।প্রকল্পে অর্থ বরাদ্দের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী সড়ক ও জনপথ চত্বরে ঠিকাদার সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির আহ্ববায়ক শাহজাহান আলী। উপস্থিত ছিলেন হাবিবুর আকতার, আনিছুর রহমান, আতিকুর রহমান প্রমুখ। এ প্রকল্পের অধীনে রাজশাহী বিভাগের দামকুড়াহাট-কাকনহাট-আমনুরা সড়ক, নাচোল নিয়াতমপুর, শিবপুর-দুর্গাপুর-তাহেরপুর, উজানপাড়া বিজয়নগর, পুঠিয়া-বাগমারা, পুঠিয়া-আড়ানী-বাঘা, নওগাঁ-বদলগাছি-পত্নীতলা-সাপাহার, পোরশা-রহনপুর, মান্দা-প্রসাদপুর, গোদাগাড়ী-নাচোল-নিয়ামতপুর, নবাবগঞ্জ-উত্তরামল্লিক-গোমস্তাপুর, শিবগঞ্জ বাইপাস, নবাবগঞ্জ-শিবগঞ্জ-কানসাট-সোনামসজিদ-বালিদিয়া চেকপোস্ট, নবাবগঞ্জ-আমনুরা এবং কানসাট-গোমস্তাপুর-রহনপুর-ভোলাহাট সড়কে মেরামতের জন্য গত ১৯ জানুয়ারি দরপত্র আহ্বান করা হয়। ১১টি গ্রুপের এ কাজের বরাদ্দ ছিল ৬৬ কোটি ৬৭ লাখ টাকা। এসব কাজ ৭৫ দিনের মধ্যে শেষ করার কথা ছিল। অর্থাৎ গত ৩০ জুন কাজের মেয়াদ শেষ হয়ে গেছে।কার্যাদেশের পর গতকাল ১৪ নভেম্বর পর্যন্ত ২১৩ দিন পার হয়ে গেছে। কিন্তু ১১টি গ্রুপের মধ্যে মাত্র পাঁচটি গ্রুপ তাদের কাজের আংশিক শেষ করেছে। বাকিরা শুরুই করেননি। নাম প্রকাশ না করার শর্তে কাজ শুরু না করা একজন ঠিকাদার জানান, সওজ অধিদপ্তরের টাকা নেই দেখে তাঁরা কাজ শুরু করেননি। যাঁরা অংশবিশেষ শেষ করেছেন, তাঁদের মধ্যে রাজশাহীতে দুই কোটি ৪৪ লাখ টাকার বিল হয়েছে। এর বিপরীতে সওজ অধিদপ্তর মাত্র ১২ লাখ পাঁচ হাজার টাকা পরিশোধ করেছে। নওগাঁয় কাজ হয়েছে তিন কোটি ৫৩ লাখ টাকার। এর বিপরীতে বিল পরিশোধ করা হয়েছে ১৭ লাখ ৪৫ হাজার টাকা। চাঁপাইনবাবগঞ্জে তিনটি প্যাকেজে যথাক্রমে তিন কোটি ৪৬ লাখ টাকার বিলের বিপরীতে ১৭ লাখ ১০ হাজার টাকা, তিন কোটি ৪২ লাখ টাকার বিলের বিপরীতে ১৬ লাখ ৯০ হাজার টাকা এবং দুই কোটি ৩৩ লাখ টাকার বিলের বিপরীতে ১১ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে একজন ঠিকাদার জানান, তাঁরা তাঁদের কাজের ৮০ শতাংশ শেষ করে আনুপাতিক হারে কাজের বিল দাখিল করেছেন। কিন্তু সওজ অধিদপ্তর টাকা পরিশোধ করছে না। পাশাপাশি বাকি কাজও তুলতে পারছেন না। কবে তাঁদের বিল পরিশোধ করা হবে, তা-ও তাঁরা বলতে পারছেন না।সওজ রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুবোধ কুমার সরকার জানান, ক্ষতিগ্রস্ত সড়কগুলো জরুরি মেরামতের জন্য সারা দেশে এক হাজার ৪১০ কোটি টাকা উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হয়েছিল। এ বিল পরিশোধের জন্য গত অর্থবছরের বরাদ্দ থেকে সারা দেশের জন্য মাত্র ৫৭ কোটি টাকা ছাড় করা হয়। এখান থেকে তাঁরা মাত্র দুই কোটি ৬৩ লাখ টাকা পেয়েছেন। চলতি বছরের ১০০ কোটি টাকা বরাদ্দের কথা শুনেছেন। কিন্তু এখনো সেই টাকা ছাড় করা হয়নি। তিনি আরও জানান, টাকা নেই দেখে কিছু ঠিকাদার কাজ শুরুই করেননি। কেউ করলেও এত অল্প পরিমাণে করেছেন যে তাঁদের বিল দেওয়ার মতো পর্যায় আসেনি।