চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজারামপুর হাসিনা বালিকা উচ্চবিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির দুই দিনব্যাপী উৎসব গতকাল শুক্রবার শেষ হয়েছে। গতকাল অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাংসদ আবদুল ওদুদ। অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের সচিব আনোয়ার হোসেন, সদরের ইউএনও মির্জা সাকিলা দিল হাছিন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাইদুর রহমান ও ব্যবসায়ী এরফান আলী। দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মঈনুদ্দীন মণ্ডল। অতিথি ছিলেন এনসিটিবির অবসরপ্রাপ্ত চেয়ারম্যান মুহম্মদ এলতাস উদ্দিন ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রুহুল আমিন। উভয় অধিবেশনে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বোরহান উদ্দীন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৩২ জন প্রাক্তন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।