প্রায় এক বছর আগে পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে যান কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী গ্রামের খায়রুল ইসলাম (৪৫)। তখন মিয়ানমারের সীমান্তরক্ষী নাসাকা বাহিনীর সদস্যরা খায়রুলকে ধরে নিয়ে কারাগারে প্রেরণ করেন। দীর্ঘদিন কারা ভোগের পর গতকাল বৃহস্পতিবার সকালে খায়রুলকে মুক্ত করে মিয়ানমার থেকে টেকনাফ নিয়ে আসেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। একইভাবে আরও ৭৪ বাংলাদেশিকে গতকাল টেকনাফ ফিরিয়ে আনা হয়েছে।বিজিবি সূত্র জানায়, গতকাল সকাল ১০টায় মিয়ানমারের মংডু শহরে দুই দেশের সীমান্তরক্ষী বিজিবি ও নাসাকার মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিজিবির কাছে কারামুক্ত ৭৫ বাংলাদেশিকে হস্তান্তর করা হয়। বৈঠকে আট সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান। আর সে দেশের ১০ সদস্য দলের নেতৃত্ব দেন নাসাকা ৬ নম্বর সেক্টরের উপপরিচালক ছ মেং। বিকেলে নাফ নদী অতিক্রম করে (ট্রলারে করে) ৭৫ বাংলাদেশিকে টেকনাফ আনা হয় এবং পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের জন্য টেকনাফ থানা পুলিশে সোপর্দ করে বিজিবি। মুক্তি পাওয়া নরসিংদীর মো. বিল্লাল হোসেন (৩৫) বলেন, প্রায় সাত মাস আগে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানোর কথা বলে টেকনাফের নজির আহমদ নামের এক দালাল তাঁদের ২৯ জনকে স্থানীয় হারিয়াখালী ঘাটে নিয়ে যায়। এরপর মাথাপিছু ৪০ হাজার টাকা করে হাতিয়ে নিয়ে তাঁদের গভীর সাগরে অপেক্ষমাণ জাহাজে তুলে দিচ্ছে বলে ছোট একটি কাঠের নৌকায় তুলে দেয়। নৌকাটির ইঞ্জিন বিকল হলে তাঁরা সাগরে চার দিন ভাসতে থাকেন। এরপর ২৯ যাত্রীসহ নৌকাটি মিয়ানমার উপকূলে গেলে নাসাকাবাহিনী আটক করে তাঁদের কারাগারে পাঠায়। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহামঞ্চদ ফরহাদ বলেন, মিয়ানমার থেকে ফিরে আসা ৭৫ বাংলাদেশির কাগজপত্র যাচাই-বাচাই করে তাঁদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।