৭৫ শতাংশ তামাকজাত পণ্যে স্বাস্থ্য সতর্কবাণী নেই: জরিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন প্রতিষ্ঠানের ৭৫ শতাংশ তামাকজাত পণ্যে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী নেই। বিড়ির প্যাকেটে সতর্কবাণী মুদ্রণের হার শূন্য।
সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়নবিষয়ক কমপ্লায়েন্স আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে তাদের এই গবেষণার ফলাফল প্রকাশ করে। বেসরকারি সংস্থা প্রজ্ঞা গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছে।
সংবাদ সম্মেলনে প্রকাশ করা গবেষণার ফলাফলে বলা হয়, গত ১৯ মার্চ থেকে তামাকজাত দ্রব্যের মোড়কে শতকরা ৫০ শতাংশ জুড়ে রঙিন ছবি ও লেখা-সংবলিত স্বাস্থ্য সতর্কবাণী দেওয়া বাধ্যতামূলক করা হয়। কিন্তু দেশের আটটি বিভাগীয় শহরের মোট ১৪৮৫টি সিগারেট, বিড়ি, জর্দা ও গুলের প্যাকেট পর্যবেক্ষণ করে পাওয়া গেছে, প্রায় ৭৪ দশমিক ৮ শতাংশ প্যাকেটে স্বাস্থ্য সতর্কবাণী নেই। ৮৮টি বিড়ির প্যাকেটের একটিতেও সতর্কবাণী নেই। সিগারেট উৎপাদনকারী ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে চারটি প্রতিষ্ঠানই স্বাস্থ্য সতর্কবাণী ছাড়া সিগারেট বাজারজাত করছে। ১০০টি জর্দা কারখানার মধ্যে মাত্র ১৪টি এবং ১৩টি গুল কারখানার মধ্যে মাত্র একটি কারখানা সতর্কবাণী প্রকাশ করেছে।
তামাকজাত পণ্যের ৫০ শতাংশ জুড়ে স্বাস্থ্য সতর্কবাণী দেওয়া বাধ্যতামূলক করা, তামাক কোম্পানিগুলোকে জরিমানা করা, মোবাইল কোর্টের সংখ্যা বৃদ্ধি করাসহ বিভিন্ন সুপারিশ প্রদান করা হয়েছে এই গবেষণা ফলাফলে।
প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালিক বলেন, তামাকজাত পণ্যের কোম্পানিগুলো সবদিক দিয়ে অনেক শক্তিশালী। তার চেয়েও বড় কথা, ধূমপানের যে আসক্তি, এটা থেকে মুক্তি অনেক সময়সাপেক্ষ। সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিরক্ষর মানুষের জন্য এই স্বাস্থ্য সতর্কবাণী দেওয়াটা অনেক জরুরি।
বেসরকারি সংস্থা দ্য ইউনিয়নের টেকনিক্যাল অ্যাডভাইজার সৈয়দ মাহবুবুল আলম বলেন, দেশের ১৫ থেকে ২৫ বছর বয়সী মানুষের প্রায় ৩০ শতাংশ যুবক। সামাজিক স্ট্যাটাস বাড়াতে, বন্ধুদের কাছে স্মার্টনেস দেখানোর জন্য তারা কমবেশি ধূমপান করে। অন্যদিকে তামাক উৎপাদনকারী কোম্পানিগুলো বিভিন্ন কৌশলে সরকারের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সতর্কবাণী দিচ্ছে না।
তামাকবিরোধী সংগঠনগুলোর পক্ষে সাতটি প্রতিষ্ঠান এসিডি, আহ্ছানিয়া মিশন, সীমান্তিক, উবিনীগ, ইনসা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইসি এই গবেষণাকাজে সহায়তা করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাইটাল স্ট্র্যাটেজিসের এদেশীয় পরামর্শক শফিকুল ইসলাম, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের গ্রান্টস ম্যানেজার মাহফুজুল হক ভুঁইঞা প্রমুখ।