৭৫ শতাংশ তামাকজাত পণ্যে স্বাস্থ্য সতর্কবাণী নেই: জরিপ
বিভিন্ন প্রতিষ্ঠানের ৭৫ শতাংশ তামাকজাত পণ্যে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী নেই। বিড়ির প্যাকেটে সতর্কবাণী মুদ্রণের হার শূন্য।
সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়নবিষয়ক কমপ্লায়েন্সের এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা এই গবেষণার ফল প্রকাশ করে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, গত ১৯ মার্চ থেকে তামাকজাত দ্রব্যের মোড়কে শতকরা ৫০ শতাংশজুড়ে রঙিন ছবি ও লেখা-সংবলিত স্বাস্থ্য সতর্কবাণী দেওয়া বাধ্যতামূলক করা হয়। কিন্তু দেশের আটটি বিভাগীয় শহরের মোট ১৪৮৫টি সিগারেট, বিড়ি, জর্দা ও গুলের প্যাকেট পর্যবেক্ষণ করে পাওয়া গেছে, প্রায় ৭৪ দশমিক ৮ শতাংশ প্যাকেটে স্বাস্থ্য সতর্কবাণী নেই। ৮৮টি বিড়ির প্যাকেটের একটিতেও সতর্কবাণী নেই। সিগারেট উৎপাদনকারী ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে চারটি প্রতিষ্ঠানই স্বাস্থ্য সতর্কবাণী ছাড়া সিগারেট বাজারজাত করছে।
গবেষণায় তামাকজাত পণ্যের ৫০ শতাংশজুড়ে স্বাস্থ্য সতর্কবাণী দেওয়া বাধ্যতামূলক করা, তামাক কোম্পানিগুলোকে জরিমানা করা, ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বৃদ্ধি করাসহ বিভিন্ন সুপারিশ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালিক বলেন, তামাকজাত পণ্যের কোম্পানিগুলো সবদিক দিয়ে অনেক শক্তিশালী। তার চেয়েও বড় কথা, ধূমপানের যে আসক্তি, এটা থেকে মুক্তি অনেক সময়সাপেক্ষ। সামাজিক সচেতনতার পাশাপাশি নিরক্ষর মানুষের জন্য এই স্বাস্থ্য সতর্কবাণী দেওয়াটা অনেক জরুরি।
বেসরকারি সংস্থা দ্য ইউনিয়নের টেকনিক্যাল অ্যাডভাইজার সৈয়দ মাহবুবুল আলম বলেন, তামাক উৎপাদনকারী কোম্পানিগুলো বিভিন্ন কৌশলে সরকারের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সতর্কবাণী দিচ্ছে না।
তামাকবিরোধী সংগঠনগুলোর পক্ষে সাতটি প্রতিষ্ঠান এসিডি, আহ্ছানিয়া মিশন, সীমান্তিক, উবিনীগ, ইনসা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইসি এই গবেষণাকাজে সহায়তা করেছে। সংগঠনগুলোর সমন্বয়ের দায়িত্বে ছিল বেসরকারি সংস্থা প্রজ্ঞা।