৭৫ হাজার টাকায় মীমাংসা টাকা পায়নি মূল পরিবার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কের রায়পুর উপজেলার গাছিরহাট এলাকায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজনের মৃৃৃৃত্যুর ঘটনা মাত্র ৭৫ হাজার টাকায় মীমাংসা হয়েছে। মীমাংসার পর বাসমালিক ক্ষতিগ্রস্ত পরিবারকে এ টাকা দিয়েছে বলে বাসমালিক সূত্রে বলা হয়। তবে মূল ক্ষতিগ্রস্ত পরিবারটি জানিয়েছে, তারা কোনো টাকাই পায়নি। নিহত ব্যক্তিরা সবাই ছিল অটোরিকশার যাত্রী।ক্ষতিগ্রস্ত পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত ১০ অক্টোবর শাহী পরিবহনের একটি বাস ও একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা মনোয়ারা বেগম (৪৮), তাঁর পুত্রবধূ শাহিনুর বেগম (৩০), নাতি শামীম (৭) ও শান্ত (২) মারা যায়। এ ছাড়া মারা যান আরেক আরোহী আঞ্জুমানারা বেগম। নিহত ব্যক্তিরা সবাই চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের হাসমতউল্যা বেপারীবাড়ির বাসিন্দা। নিহত আঞ্জুমানারার ভাই রুহুল আমিন এ ঘটনায় রায়পুর থানায় একটি মামলা করেন। এরপর বাসচালককে জেলে পাঠানোসহ পুলিশের জব্দ করা বাসটি মালিকের জিম্মায় দিতে নির্দেশ দেন আদালত। বাদী রুহুল আমিন বলেন, বাসটি মালিককে দিয়ে দেওয়ায় মামলার আর জোর ছিল না। তখন বাধ্য হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গত শুক্রবার (৬ জানুয়ারি) ৭৫ হাজার টাকায় বিষয়টি রফা করা হয়। নিহত মনোয়ারা বেগমের পরিবারকে ওই দিনই ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। তবে মীমাংসাকারী গণ্যমান্য ব্যক্তিদের নাম বলতে অস্বীকৃতি জানান রুহুল আমিন। এদিকে মনোয়ারার ভাই আনারুল্লাহ বলেন, ‘আমার বোনের পরিবারের চারজন মারা গেছে। রুহুল আমীন মামলা করেছেন বলে জানি। তবে আপসের বিষয়টি জানি না। আর আমরা কোনো টাকাও পাইনি।’ গতকাল রোববার শাহী বাস কাউন্টারের ব্যবস্থাপক মো. হীরণ বলেন, ক্ষতিগ্রস্ত পক্ষকে ৭৫ হাজার টাকা দেওয়া হয়েছে। এরপর তারা মীমাংসার জন্য আদালতে এফিডেভিট জমা দেয়। বাসচালক ১ জানুয়ারি জামিনে মুক্তি পেয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন গতকাল বলেন, ‘মীমাংসার বিষয়টি শুনেছি। তবে পাঁচটি মানুষের জীবনের বিনিময়ে স্থানীয়ভাবে কোনো মীমাংসা হতে পারে না। মামলাটির অভিযোগপত্রই এখনো দেওয়া হয়নি। দুর্ঘটনা থেকে কেউ ফায়দা লোটার চেষ্টা করছে কি না, তা খতিয়ে দেখা হবে। তবে বাসটি মালিকের জিম্মায় দেওয়ায় বাদীপক্ষ হয়তো মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে।’