৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কেরানীগঞ্জের উত্তর পানগাঁও এলাকায় বিআইডব্লিউটিএর অধিগ্রহণ করা জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন l প্রথম আলো
দক্ষিণ কেরানীগঞ্জের উত্তর পানগাঁও এলাকায় বিআইডব্লিউটিএর অধিগ্রহণ করা জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রশাসন l প্রথম আলো

ঢাকার কেরানীগঞ্জের উত্তর পানগাঁও এলাকায় বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসন যৌথ উদ্যোগে (আইসিটি) পানগাঁও কনটেইনার সড়কের দুই পাশের বিআইডব্লিউটিএর অধিগ্রহণকৃত জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়। উচ্ছেদ করা ৭৫টি  স্থাপনার মধ্যে পাকা ঘর ৪০টি, আধা পাকা ১৫টি এবং সীমানাপ্রাচীরসহ ২০টি টংঘর রয়েছে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে বিআইডব্লিউটিএ ও ঢাকা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন উত্তর পানগাঁও এলাকায় বিআইডব্লিউটিএর অধিগ্রহণকৃত জায়গায় পানগাঁও কনটেইনার টার্মিনাল সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা পাকা ঘর ৪০টি, আধা পাকা ঘর ১৫টি ও ২০টি টংঘর উচ্ছেদ করা হয়। এর মধ্যে বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের কোন্ডা শাখার পাকা কার্যালয় রয়েছে।

উত্তর পানগাঁও এলাকার বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে আলতাফ হোসেন জানান, পানগাঁও মৌজায় ৪০৭ নম্বর দাগে তাঁদের ৯২ শতাংশ পৈতৃক সম্পত্তি রয়েছে। এর মধ্যে ৩৫ শতাংশ জায়গা অধিগ্রহণ করা হয়েছে। পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা তিনটি পাকা ঘর উচ্ছেদ করা হয়। একই এলাকার বাসিন্দা মো. ইদু ব্যাপারী জানান, বাপ-দাদার আধা শতাংশ জমিতে চারটি পাকা ঘর নির্মাণ করেছিলাম। সরকারি লোকজন আমাদের ঘর অবৈধ স্থাপনা বলে ভেঙে দিয়েছে। ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক গুলজার আলী জানান, বিআইডব্লিউটিএর অধিগ্রহণকৃত জায়গাগুলো পানগাঁও কনটেইনার সড়কে দুই পাশের প্রায় দুই কিমি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসব এলাকায় রাস্তার দুই পাশে গড়ে ওঠা ৭৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিনি আরও বলেন, আগামী সপ্তাহে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পানগাঁও কনটেইনার সড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (ভূমি) মনজুর কাদের, উপপরিচালক আলমগীর কবির, ঢাকা নদী    বন্দরের কর্মকর্তা মো. শহিদউল্লাহ প্রমুখ অংশ নেন।