চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার পৌনে চার কোটি টাকা মূল্যের ৭৫টি সোনার বার জব্দ করেছেন কাস্টম হাউসের কর্মকর্তারা। এ ঘটনায় জামাল উদ্দিন নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।
সূত্র জানায়, আটক জামাল উদ্দিনের বাড়ি ফেনী। তাঁর ব্যাগ তল্লাশি করে আট কেজি ৭৫০ গ্রাম ওজনের এসব সোনার বার পাওয়া যায়।
বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মশিউর রহমান প্রথম আলোকে বলেন, সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে তল্লাশি করে এসব সোনার বার জব্দ করা হয়। আটক যাত্রী জামাল উদ্দিনের ঢাকায় নামার কথা ছিল। সোনার বার জব্দ করার পর তাঁকে বিমান থেকে নামিয়ে আনা হয়।
সূত্র জানায়, জামাল উদ্দিন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেন, দুবাইয়ের সুমন নামের এক ব্যক্তি তাঁকে সোনার বারসহ ব্যাগটি ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব দেন। এ জন্য বিমানভাড়াসহ সব খরচও বহন করেছেন ওই ব্যক্তি। ওই ব্যক্তি তাঁকে সিমসহ নতুন একটি মুঠোফোনও দিয়েছেন।
জামাল উদ্দিন বলেন, ঢাকায় নামার পর ওই মুঠোফোনে যোগাযোগ করে এক ব্যক্তির সোনার বারগুলো নেওয়ার কথা ছিল। তিনি বলেন, তবে তিনি ওই ব্যক্তিকে চেনেন না। এমনকি নামও জানেন না।