৭৫তম বসন্তে আনিসুজ্জামানকে ফুলে ফুলে অভিনন্দন
বসন্ত এসে ভোর থেকে সরিয়ে দিয়েছে কুয়াশার আঁচল। সোনারোদে নীল আকাশ ঝলমলে প্রভাত থেকেই। মৃদু হাওয়া বইছে ঝিরিঝিরি। তাতে এক-দুটি করে শুকনো পাতা খসে পড়ছে শাখা থেকে। চারুকলা চত্বরে শুকনো পাতার মর্মরধ্বনি ছাপিয়ে উঠল সেতারের সুর।ঘুম থেকে উঠেই অনেকে চলে এসেছেন দেশের কৃতবিদ্য শিক্ষাবিদ ও চিন্তককে তাঁর জন্মদিনের সকালে শ্রদ্ধা ও ভালোবাসায় অভিষিক্ত করতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। গতকাল শনিবার ৭৫ বছর পূর্ণ হলো তাঁর।চিরবিনয়ী অধ্যাপক বরাবরের মতোই আবাল-বৃদ্ধবনিতার অভিনন্দন গ্রহণ করে বললেন, ‘সাহিত্য-সংস্কৃতির নানা ক্ষেত্রে কর্মী ছিলাম আমি। এখনো তা-ই আছি। কাজের মধ্যেই আত্মতৃপ্তি পেয়েছি; এখনো তা পাই। যা সত্য বলে জেনেছি, অপ্রিয় হলেও বলার চেষ্টা করেছি। বহু মানুষের ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসাকেই গ্রহণ করেছি জীবনের শ্রেষ্ঠ পুরস্কার বলে।’‘যে ধ্রুপদ দিয়েছ বাঁধি’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অধ্যাপক আনিসুজ্জামানের ৭৫তম জন্মবার্ষিকী উদ্যাপন পরিষদের উদ্যোগে। শিল্পী এবাদুল হকের সেতারবাদন দিয়ে সকাল আটটায় অনুষ্ঠানের শুরু। ‘কান্না-হাসির দোল দোলানো’ গানের সঙ্গে তামান্না রহমানের পরিচালনায় নৃত্য পরিবেশন করেন নৃত্যমের শিল্পীরা। এরপর পরিষদের আহ্বায়ক অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, সদস্য সচিব আসাদুজ্জামান নূর অধ্যাপক আনিসুজ্জামানকে নিয়ে মঞ্চে আসেন। অভিজ্ঞানপত্র পাঠ করেন বিশিষ্ট লেখক সৈয়দ শামসুল হক।অভিজ্ঞানপত্রে তাঁর কর্ম-কৃতির সংক্ষিপ্তসার তুলে ধরা হয়। উল্লেখ করা হয় পাঁচটি প্রজন্মের বিদ্যার্থীরা গড়ে উঠেছে তাঁর হাতে। গবেষণা, ভাষাচর্চা, গদ্যের বিকাশ ও ব্যাকরণবিষয়ক অসামান্য অবদান এবং মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা যে প্রণোদনা জুগিয়েছিল, সে জন্য গভীর কৃতজ্ঞতা জানানো হয়। অভিজ্ঞানপত্র পাঠ শেষে তাঁকে উত্তরীয় পরিয়ে দেন জিল্লুর রহমান সিদ্দিকী। সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ সবার পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনি আমাদের শিক্ষক হিসেবে যেমন স্মরণীয়-বরণীয় মানুষ, তেমনি ছিলেন সংকট কালের পথপ্রদর্শক।’এরপর শুরু হয় অধ্যাপক আনিসুজ্জামানের প্রিয়জন, স্নেহভাজন, অনুরাগী ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা জানানোর পালা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাঁর কার্যালয়ের কর্মকর্তারা ফুলের তোড়া নিয়ে আসেন। এসেছিলেন শিল্পী কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন উর রশিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য আলাউদ্দিন, চারুকলা অনুষদের ডিন মতলুব আলী, এফডিসির মহাব্যবস্থাপক ম. হামিদ, সিপিবির সভাপতি মনজুরুল আহসান খান, সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ। আবৃত্তি সমন্বয় পরিষদ, উদীচী, ঋষিজ, কেন্দ্রীয় খেলাঘর আসর, বেঙ্গল ফাউন্ডেশন, সুবচন নাট্য সম্প্রদায়, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, জাতীয় কবিতা পরিষদ, কণ্ঠশীলন, নটরাজ, নৃত্যশ্রী, চারুবাক, ঢাকা স্বরকল্পন, বহ্নিশিখা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা, নৃত্যম, গ্যালারি চিত্রকসহ নানা সংগঠন তাঁকে শ্রদ্ধা জানায়। ফুলে ফুলে ভরে উঠেছিল মঞ্চ। অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী বলেন, সমাজে কিছু কিছু মানুষ থাকেন, কেবল দেওয়াই তাঁদের কাজ। প্রাপ্তির দিকে তাঁদের লক্ষ্য থাকে না। আনিসুজ্জামান তেমনি একজন মানুষ। তিনি তাঁর আদর্শের প্রতি আনুগত্য দেখিয়েছেন এবং যেকোনো শুভ উদ্যোগে নিজ দায়িত্বে অংশগ্রহণ করেছেন। সার্থক কর্মময় জীবন যাপন করেছেন। আনিসুজ্জামানের এমন কর্মময় দীর্ঘ জীবন কামনা করেন তিনি। পরে রবীন্দ্রনাথ, ডিএল রায়, অতুল প্রসাদ ও ভাষার গান গেয়ে শোনান মাহিউজ্জামান চৌধুরী, শারমিন সাথী ইসলাম ও লুভা নাহিদ চৌধুরী।