৭৫০ মিটার রাস্তার কাজ শেষ হয়নি নয় বছরেও
প্রায় ১০ বছর আগে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ৭৫০ মিটার দৈর্ঘ্যের পশ্চিম বটুলি-রথটিলা রাস্তাটি পাকা করার কাজ শুরু হয়। কিন্তু এখনো ওই কাজ শেষ হয়নি। দীর্ঘদিনেও রাস্তাটির কাজ শেষ না হওয়ায় স্থানীয় লোকজন দুর্ভোগে পড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) আওতায় ২০০৫ সালে পশ্চিম বটুলি-রথটিলা রাস্তার ৭৫০ মিটার অংশ পাকা করার জন্য এলজিইডির মৌলভীবাজারের তৎকালীন নির্বাহী প্রকৌশলী দরপত্র আহ্বান করেন। শ্রীমঙ্গল উপজেলার ‘এশিয়ান কনস্ট্রাকশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ১২ লাখ টাকার এই কাজ পায়। পরে ওই প্রতিষ্ঠান রাস্তার কাজ জুড়ীর মিজানুর রহমান নামের এক ব্যক্তির কাছে হস্তান্তর করে। প্রাথমিক অবস্থায় রাস্তায় বালু ও পাথর ফেলা হয়। এরপর আর কোনো কাজ হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে। তবে ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় সাত লাখ টাকার বিল দেওয়া হয়। ২০০৮ সালে একই প্রকল্পের আওতায় রাস্তার বাকি কাজ শেষ করতে মৌলভীবাজারের তৎকালীন নির্বাহী প্রকৌশলী পুনরায় দরপত্র আহ্বান করেন। প্রায় ছয় লাখ টাকা ব্যয়ে কাজটি পান আবদুল লতিফ নামের বড়লেখা উপজেলার এক ঠিকাদার। নির্ধারিত সময়ে কাজ শুরু না করায় তাঁর সঙ্গেও চুক্তি বাতিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, রাস্তার বিভিন্ন স্থানে বালু-পাথর সরে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এসব গর্তে বৃষ্টির পানি জমে রয়েছে। পশ্চিম বটুলি গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মো. কামরুজ্জামান বলেন, রাতে রাস্তাটি দিয়ে চলতে গিয়ে সমস্যায় পড়তে হয়। অনেকেই পাথরে হোঁচট খেয়ে পড়ে যান। আর বর্ষা মৌসুমে গর্তে পড়ে কাদাজলে ভিজতে হয়। একই গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা মতছিন আলী বলেন, রাস্তাটি পাকা না হওয়ায় দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজন দুর্ভোগে পড়েছে।
ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফয়াজ আলী বলেন, ‘রাস্তাটির অসমাপ্ত কাজ শেষ করতে উপজেলা পরিষদের সাধারণ সভায় একাধিকবার প্রস্তাব দিয়েছি।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী সাঈফুল আজম প্রথম আলোকে বলেন, রাস্তাটির বাকি কাজ শেষ করার জন্য ঢাকায় সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।