খুলনার ঐতিহ্যবাহী দাদা ম্যাচ কারখানা বন্ধ ঘোষণা করায় প্রায় ৭৫০ জন শ্রমিক-কর্মচারীর ভাগ্য এখন চরম অনিশ্চয়তার মধ্যে। দীর্ঘ ১০ মাসের বকেয়া মজুরি না পেয়ে শ্রমিক-কর্মচারীরা পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছেন। ঈদ আসন্ন হওয়ায় স্ত্রী-সন্তানদের নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত এই শ্রমিক-কর্মচারীরা।কারখানার স্থায়ী শ্রমিক মঞ্জুরুল ইসলাম, হুমায়ুন কবীর, বেলায়েত হোসেনসহ কয়েকজন জানান, গত নভেম্বর থেকে স্থায়ী শ্রমিকেরা বেতন পাচ্ছেন না। কারখানা বন্ধের জন্য পরিকল্পিতভাবে দফায় দফায় উত্পাদন কমিয়ে দেওয়া হয়েছে। এখন তা বন্ধ করে দিয়ে শ্রমিকদের পথে বসানো হলো। ব্যক্তিগত লাভের জন্যই কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।ব্যাংক ঋণের জটিলতা ও চলতি মূলধনের অভাব দেখিয়ে গত বুধবার মালিকপক্ষ ম্যাচ কারখানাটি বন্ধ ঘোষণা করে। কারখানাটি ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছিল। এতে ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজের মালিকানা ৭০ ভাগ এবং সরকারের মালিকানা ছিল ৩০ ভাগ। কারখানা বন্ধের বিজ্ঞপ্তিতে ৭৫০ জন শ্রমিক-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতির কথা উল্লেখ করা হয় এবং জানানো হয়, আইন অনুযায়ী সবার পাওনা পরিশোধ করা হবে। তবে কত দিনের মধ্যে পাওনা পরিশোধ করা হবে, বিজ্ঞপ্তিতে তা উল্লেখ করা হয়নি।এ ব্যাপারে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান প্রথম আলোকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কারখানাটি সরকারি ব্যবস্থাপনায় নিয়ে শিগগিরই চালুর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর দপ্তরে বিনিয়োগ বোর্ডের সভায় এই নির্দেশ দেন তিনি। সে অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রাণালয় উদ্যোগ গ্রহণ করেছে।’ খুব শিগগিরই দাদা ম্যাচ কারখানা চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শুক্রবার বিকেলে শ্রম প্রতিমন্ত্রী দাদা ম্যাচ কারখানায় গিয়ে এ বিষয়ে শ্রমিক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ও করেন।কারখানার বেশির ভাগ শ্রমিক-কর্মচারীর অভিযোগ, মালিকপক্ষ দীর্ঘদিন ধরে কারখানাটি বন্ধের জন্য চেষ্টা করছিল। কিন্তু খুলনার সচেতন মহল ও শ্রমিকনেতাদের আন্দোলন-সংগ্রাম এবং সরকারের কয়েকজন মন্ত্রীর হস্তক্ষেপে তা সম্ভব হয়নি। পরে গত চার-পাঁচ মাস ধরে নানা পরিকল্পনা করে অবশেষে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।কারখানার সিবিএর সাধারণ সম্পাদক এইচ এম শাহাদত হোসেন বলেন, ‘মালিকপক্ষ কারখানাটিকে আধুনিকায়ন না করে গত এক বছর ধরে আর্থিক অনটনের অজুহাত দেখিয়ে কারখানার উত্পাদন বন্ধ রাখে। এখন তাদের মূল উদ্দেশ্য শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন, ভাতা ও মজুরি দেওয়ার নামে কারখানার জমি বিক্রি করে টাকা আত্মসাৎ করা।’ তিনি বলেন, দাদা ম্যাচ কারখানা আবার চালু করা এবং শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা ও মজুরি না দেওয়া পর্যন্ত তাঁদের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।কারখানা বন্ধ এবং শ্রম আইনানুযায়ী কারখানার শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের বিষয়ে জানার জন্য ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মারুফ সাত্তার আলীর সঙ্গে মুঠোফোনে কয়েক দফা যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু প্রতিবারই অপর প্রান্ত থেকে লাইন কেটে দেওয়া হয়।দাদা ম্যাচ কারখানা বন্ধ এবং শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ প্রসঙ্গে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহসভাপতি শেখ আশরাফ-উজ-জামান প্রথম আলোকে বলেন, ‘দাদা ম্যাচ ফ্যাক্টরি লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও মালিকদের ব্যক্তিস্বার্থের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। এ সমস্যা সমাধানে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। না হলে খুলনার মানুষ বৃহত্তর আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দাবি আদায় করে ছাড়বে।’