দালাল আইন পুনরায় চালু করে সাজা পাওয়া ৭৫২ জন যুদ্ধাপরাধীর সাজা পুনর্বহালের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম। গতকাল শনিবার সিলেট জেলা স্টেডিয়ামের মো. আলী জিমনেশিয়ামে সংগঠনের সিলেট জেলা ও মহানগর শাখা কমিটির অভিষেক অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান। বক্তারা বলেন, স্বাধীনতার পরপরই ৭৫২ জন যুদ্ধাপরাধীর দালাল আইনে সাজা হয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে ওই আইন বাতিল করে সাজা পাওয়া সবাইকে বেকসুর খালাস দেন। দালাল আইন পুনরায় চালু করে ওই আইনে সাজা পাওয়া ব্যক্তিদের সাজা পুনর্বহাল করার দাবি জানান তাঁরা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেক্টর কমান্ডারস ফোরামের ও পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বীর উত্তম। প্রধান বক্তা ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথির বক্তব্য দেন ফোরামের সিনিয়র ভাইস ও সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীর উত্তম, সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব.) সি আর দত্ত বীর উত্তম, ফোরামের সাধারণ সম্পাদক ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল (অব.) হারুন-অর-রশিদ বীর প্রতীক, কেন্দ্রীয় নেতা লে. কর্নেল (অব.) নূরুন নবী বীর উত্তম ও ফোরামের ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।ফোরামের নেতারা বলেন, ‘দেশে ধর্মভিত্তিক রাজনীতি থাকা উচিত নয়। কারণ, এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় লালিত বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে চাই।’অর্থমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখা ও যুদ্ধাপরাধীদের বিচার—এই তিন দাবিতে আজকের সমাবেশ। বর্তমান সরকারও এই দাবিগুলোর সঙ্গে একমত। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী এই সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। অবশ্যই তা সম্পন্ন করবে।’ফোরামের সিলেট বিভাগীয় শাখার সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ ইনামুল হক চৌধুরীর (বীর প্রতীক) সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান।