৭৬ দোকানঘর ভেঙে নিয়েছেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানি বাজার এলাকার সরকারি পুকুর ভরাট করে নির্মাণ করা ৭৬টি দোকানঘর ভেঙে নিয়েছেন ব্যবসায়ীরা। স্থানীয় সাংসদ গোলাম সবুরের নির্দেশে ব্যবসায়ীরা গত মঙ্গলবার থেকে এসব দোকান ভেঙে নেন।চরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ এলাকাবাসী ভরাট করা ওই সরকারি পুকুর অবিলম্বে পুনরায় খনন করার দাবি জানিয়েছেন। গতকাল শনিবার দেখা যায়, ভরাট করা পুকুরের জমিতে নির্মাণ করা সবগুলো ঘর ভেঙে ফেলায় জমি খালি পড়ে আছে। চরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজন কৃষ্ণ হালদার জানান, ১১ মার্চ প্রথম আলোয় পুকুর ভরাট করে দোকান নির্মাণ করার সংবাদ প্রকাশের পর ওই দিন দুপুরে স্থানীয় সাংসদ গোলাম সবুর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি ক্ষোভ প্রকাশ করেন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের কাছে জানতে চান, কে এসব করার অনুমতি দিয়েছে। এক দিনের মধ্যে এসব স্থাপনা সরিয়ে ফেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিলে পাঁচ দিন ধরে এসব দোকান সরিয়ে নিয়ে যান ব্যবসায়ীরা। বাজারের ব্যবসায়ী সেলিম মিয়া বলেন, ‘ঘরগুলো ভেঙে ফেলায় এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। কিন্তু এখন আমরা শুনতে পাচ্ছি, এই জমি গোপনে অস্থায়ী বন্দোবস্ত দেওয়ার পাঁয়তারা চালানো হচ্ছে। কতিপয় আওয়ামী লীগ নেতা স্থানীয় প্রশাসনের সহায়তায় এই পাঁয়তারা চালাচ্ছেন।’এদিকে পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়ার পর পুকুরটি রক্ষায় চরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মো. খোকন আকন হাইকোর্টে একটি রিট আবেদন করেন। গত ৫ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ পুকুর ভরাট করে যেকোনো ধরনের স্থাপনা নির্মাণের কাজ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন। একই সঙ্গে পুকুর ভরাট ও দোকানঘর নির্মাণকাজে জড়িত চরদুয়ানি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজ উদ্দিন আহমেঞ্চদ ও তাঁর ছেলে বদরুল হুদা, পাথরঘাটার ইউএনও, বরগুনা জেলা প্রশাসক, পুলিশ সুপার, শিক্ষা ও স্বরাষ্ট্রসচিবসহ ১১ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ১৯ মার্চের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়।পাথরঘাটা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও চরদুয়ানি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মাওলা বলেন, ভরাট করা ওই পুকুর এলাকায় বিদ্যালয়ের ২৫ শতক জমি রয়েছে। বিদ্যালয়কে না জানিয়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় কতিপয় আওয়ামী লীগ নেতা পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের কাজ করাচ্ছিলেন। যোগাযোগ করা হলে স্থানীয় সাংসদ গোলাম সবুর বলেন, বিষয়টি অবগত হওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলতে নির্দেশ দেন। পুকুরটি যাতে পুনরায় খনন করা হয় সে জন্য চিন্তা-ভাবনা করছেন বলে জানান তিনি।