৭৬ বিদেশি স্বেচ্ছাসেবী ঘর করে দিচ্ছেন দরিদ্রদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আদিবাসী গ্রাম ডলুছড়ার ২১টি দরিদ্র পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। বেসরকারি সংস্থা হ্যাবিট্যাট ফর হিউম্যানিটির উদ্যোগে গতকাল সোমবার থেকে ৭৬ জন বিদেশি স্বেচ্ছাসেবী এই কাজে অংশ নিয়েছেন। সংস্থাটির ‘ফ্রেন্ডশিপ বিল্ড’ কর্মসূচির আওতায় ঘরগুলো নির্মাণ করা হচ্ছে।গত রোববার সন্ধ্যায় শ্রীমঙ্গলে টি রিসোর্ট প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির বাংলাদেশের প্রধান নির্বাহী জন আমস্ট্রন। এতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আশফাকুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জন আমস্ট্রন জানান, ৮ ডিসেম্বর পর্যন্ত তাঁরা ডলুছড়ায় অবস্থান করে ২১টি পাকা ঘর নির্মাণ করবেন। এসব ঘর নির্মাণে যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও মালয়েশিয়ার ৭৬ জন স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন। ঘর ছাড়াও তাঁরা নলকূপ, চলাচলের রাস্তা ও নর্দমা নির্মাণ করবেন।সংস্থাটির কর্মকর্তা মার্টিন মুকুল রয় বলেন, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ১৯৯৯ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের পাঁচ হাজারেরও বেশি পরিবারের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করেছে। ২০১৪ সাল পর্যন্ত আরও চার হাজার পরিবারকে বিনা মূল্যে ঘর নির্মাণে সহায়তা করবেন বলে জানান তিনি।