৭৬ রোহিঙ্গা ও তিন নৌকা ফেরত পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদী ও স্থলসীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করা মিয়ানমারের ৭৬ জন রোহিঙ্গা এবং রোহিঙ্গাদের বহনকারী তিনটি নৌকা (প্রতিটিতে ১২-১৫ জন) আবার সে দেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার দিবাগত রাত নয়টা থেকে গতকাল শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত উখিয়ার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করে ৭৬ জন রোহিঙ্গা। বিজিবির বাধায় তারা মিয়ানমারে ফেরত যায়।
উখিয়া সীমান্তের দায়িত্বে থাকা কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার প্রথম আলোকে বলেন, উখিয়ার দুটি সীমান্ত পয়েন্ট দিয়ে ৭৬ রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করে। তাদের মধ্যে ২৪ নারী ও ৩৯ শিশু ছিল। তিনি বলেন, উখিয়া সীমান্তের সাতটি চৌকিতে জনবল বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা অনুপ্রবেশের স্থলপথগুলো চিহ্নিত করা হয়েছে। সেখানে বিজিবির সদস্যদের টহল বাড়ানো হয়েছে।
এদিকে বৃহস্পতিবার রাত নয়টা থেকে গতকাল সকাল ছয়টা পর্যন্ত টেকনাফের ঝিমংখালী সীমান্ত এলাকা দিয়ে তিনটি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে বলে জানান ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ। তিনি বলেন, সবকটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। প্রতিটি নৌকায় ১২ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল।