৭৬টি স্কুলে প্রধান শিক্ষক নেই, পাঠদান ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়ে শিক্ষক দুজন। একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন। প্রতিদিন ২৪টি ক্লাস নিতে হয়। এতগুলো ক্লাস নিতে গিয়ে হিমশিম খান তাঁরা। একজন ছুটিতে গেলে আরেকজন সব ক্লাস নিতে পারেন না। এ সময় শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা হইচই করে। এতে ব্যাহত হয় পাঠদান।

এটি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আদুরভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ওয়ালিউল্লাহ বলেন, চার বছর ধরে সেখানে প্রধান শিক্ষকসহ শিক্ষকের তিনটি পদ শূন্য। এতে পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এটিসহ উপজেলার ৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। এতে ১৫ হাজারের বেশি শিক্ষার্থীর পাঠদান ও দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে। উপজেলা শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ওই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৮০টি। এর মধ্যে প্রধান শিক্ষকের পদে আছে ১০৪টি। বাকি ৭৬টিতে ৪ থেকে ৫ বছর ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। এগুলোয় শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৫ হাজার ২০০।

জীবগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমীন বলেন, তাঁর বিদ্যালয়ে সাড়ে চার বছর ধরে প্রধান শিক্ষকের পদে লোক নেই। তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে আছেন। দাপ্তরিক কাজে বাইরে গেলে সে সময় ক্লাস নিতে পারেন না। তাঁর ক্লাসগুলোও অন্যরা নিতে চান না। এতে ক্লাস বন্ধ রাখতে হয়। এতে ব্যাহত হচ্ছে ১৩৩ জন শিক্ষার্থীর পাঠদান। তিনি আক্ষেপ করেন, ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হওয়ায় আমার কথা কেউই শোনে না, মানেও না।’ আদুরভিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তমা আক্তার ও ফারিয়া আক্তার বলে, ‘হেডস্যার ও অন্য শিক্ষক কম থাওনে আমাগো সব ক্লাস অয় না। এক ক্লাসে শিক্ষক গেলে আরেকটাতে যায় না। আমাগো পড়ালেহা নষ্ট অয়।’

উপজেলার উত্তর লুধুয়া গ্রামের বাসিন্দা মো. মুক্তার আহম্মেদ বলেন, ‘তাঁর এলাকার প্রাথমিক বিদ্যালয়ে (উত্তর লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) পাঁচ বছর ধরে প্রধান শিক্ষক নেই। প্রধান শিক্ষক হচ্ছে নৌকার মাঝি। মাঝিহীন নৌকার মতোই এলোমেলো চলছে তাঁর বিদ্যালয়।’

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কবির হোসেন বলেন, জটিলতার কারণে সহকারী শিক্ষকেরা প্রধান শিক্ষক পদে পদোন্নতি না পাওয়ায় এবং নতুন নিয়োগ না হওয়ায় এ সমস্যা হয়েছে। প্রধান শিক্ষকের শূন্যপদগুলোয় লোক নিয়োগের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সম্প্রতি চিঠি পাঠানো হয়েছে।