সরকারি খাদ্যগুদাম থেকে ধান-চাল ও গম লোপাটের একের পর এক ঘটনা ধরা পড়ছে। পাঁচটি জেলার গুদামের বস্তায় চালের বদলে তুষ, মাটি, বালু ও কয়লা রাখা হয়েছে। কাগজে-কলমে চাল থাকলেও বাস্তবে এসব গুদামের প্রায় ৭৬০ মেট্রিক টন খাদ্যের হিসাব পাওয়া যায়নি। আর্থিক মূল্যে ওই খাদ্যের দর প্রায় চার কোটি টাকা।
গুদাম থেকে চাল উধাও হওয়ার পাশাপাশি দুটি গুদামে খাদ্য মজুতের হিসাবেও গরমিল পেয়েছে খাদ্য বিভাগের তদন্ত দল। বান্দরবান সদর খাদ্যগুদামে প্রায় ৪৫ টন এবং কক্সবাজার সদর খাদ্যগুদামে ৪৩০ টন চাল বাড়তি পাওয়া গেছে। খাদ্য বিভাগের কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তারা ধারণা করছেন, হিসাবে গরমিল করতে গিয়ে এই বাড়তি চাল গুদামে দেখানো হয়েছে।
খাদ্য মজুত নিয়ে এই কেলেঙ্কারির ঘটনার মধ্যেই বাগেরহাটের মোল্লাহাট উপজেলা খাদ্যগুদামে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। দেড় হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন এই খাদ্যগুদাম থেকে ৪২০ টন খাদ্য বাস্তবে পাওয়া যায়নি।
কুমিল্লার নাঙ্গলকোট গুদামে মোট ১১৫ মেট্রিক টন, রাঙামাটির লংগদু গুদাম থেকে ৯৮ মেট্রিক টন এবং দিনাজপুরের ভবানীপুর গুদাম থেকে ৬০ টন খাদ্য উধাও হয়ে গেছে। এ ছাড়া মংলা খাদ্যগুদাম থেকে ৬৫ টন ধান-চালের হিসাব না পাওয়ার পাশাপাশি আরও কয়েকটি গুদাম থেকে খাদ্য উধাও হওয়ার বিষয়েও তদন্ত শুরু হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলা খাদ্যগুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা মো. শাহাবুল চলতি বোরো সংগ্রহ অভিযানের আওতায় চাল না কিনেই ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছেন। একই ধরনের ঘটনা ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুর ও চুয়াডাঙ্গা জেলা সদরের সরকারি খাদ্যগুদামেও।
নাম প্রকাশ না করার শর্তে খাদ্য বিভাগের এক কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, খাদ্য সংগ্রহ নিয়ে একের পর এক দুর্নীতি ও অনিয়ম ধরার পড়ার এতগুলো ঘটনা এবারই প্রথম। খাদ্য বিভাগ থেকে মোট মজুতের পরিমাণ ১১ লাখ ৬২ হাজার টন বলা হলেও আদতে মজুতের পরিমাণ কত, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। অথচ সারা দেশের অন্য গুদামগুলোতেও একই পরিস্থিতি আছে কি না, তা-ও খতিয়ে দেখার জন্য এখনো খাদ্য বিভাগ থেকে কোনো উদ্যোগই নেওয়া হয়নি।
জানতে চাইলে খাদ্য বিভাগের মহাপরিচালক আহমদ হোসেন খান প্রথম আলোকে বলেন, সরকারি চাকরিবিধি অনুযায়ী অভিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফৌজদারি মামলা করা হয়েছে।
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, প্রায় চার কোটি টাকা মূল্যমানের খাদ্যশস্য উধাও হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। উধাও হওয়া চাল উদ্ধারের ব্যাপারে কোনো ব্যবস্থাও নেয়নি খাদ্য বিভাগ। ফলে ওই ৭৬০ টন চাল উদ্ধার হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে।
খাদ্যগুদাম তদারকিতে জেলা খাদ্যনিয়ন্ত্রক, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা, পরিদর্শক, উপপরিদর্শকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিযুক্ত থাকেন। সব মিলিয়ে একেকটি গুদামে খাদ্য তদারকির
দায়িত্বে মোট আট থেকে ১০ জন কর্মকর্তা ও কর্মচারী যুক্ত আছেন। কিন্তু খাদ্য বিভাগ থেকে শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। এ কারণে বাকি কর্মকর্তা ও কর্মচারীরা আইনের আওতায় আসছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে, গুদাম থেকে খাদ্য উধাও হওয়ার সবচেয়ে বড় ঘটনা ধরা পড়া মোল্লাহাট গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন কুমার মণ্ডল পলাতক। এ ঘটনায় সেখানকার উপজেলা খাদ্যনিয়ন্ত্রক লায়লা আফরোজা কেবল মিলন কুমার মণ্ডলকে আসামি করে মোল্ল্লাহাট থানায় বৃহস্পতিবার মামলা করেছেন।
মিলন গোপালগঞ্জ জেলার সাতপার গ্রামের শম্ভুনাথ মণ্ডলের ছেলে। খাদ্য বিভাগের চাকরিবিধি অনুযায়ী একজন কর্মকর্তা ও কর্মচারী তিন বছরের বেশি কোনো কার্যালয়ে থাকতে পারেন না। কিন্তু মিলন কুমার খাদ্য বিভাগের ঊর্ধ্বতন মহলে যোগাযোগ রক্ষা করে সাড়ে চার বছর ধরে ওই গুদামের দায়িত্বে ছিলেন।
এ বিষয়ে মোল্লাহাট উপজেলা খাদ্যনিয়ন্ত্রক লায়লা আফরোজা প্রথম আলোকে বলেন, মিলন ও গুদামের দুজন দারোয়ানকে বরখাস্ত করা হয়েছে। অন্যদেরও এতে সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।