৭৭ বছরে ইউসুফ কনফেকশনারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকায় রায়সাহেব বাজারে অবস্থিত ইউসুফ কনফেশনারি l প্রথম আলো
পুরান ঢাকায় রায়সাহেব বাজারে অবস্থিত ইউসুফ কনফেশনারি l প্রথম আলো

দুই ব্যাগভরা হাজার তিনেক টাকার কেক-বিস্কুট ইত্যাদি কিনেছেন আবুল হোসেন। দোকান মালিককে হেসে বললেন, ৫০ টাকা রিকশা ভাড়া খরচ করে এসেছেন তিনি। যেন সবচেয়ে তাজা খাবারগুলোই দেওয়া হয়। দোকান মালিকও পাল্টা হাসিতে আশ্বস্ত করলেন তাঁকে।
দৃশ্যটি গত রোববার পুরান ঢাকার জনসন রোডের ইউসুফ কনফেকশনারিতে। কথা হলো ক্রেতা আবুল হোসেনের সঙ্গে। সূত্রাপুর এলাকার এই বাসিন্দা ৩৫ বছর ধরে এখানে আসছেন। বললেন, ‘এরা কখনো খারাপ জিনিস দেয় না। তাই এখানেই আসি।’
১৯৩৯ সালে শুরু হওয়া ইউসুফ কনফেকশনারি ৭৭ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে। কেক-রুটির জন্য ক্রেতাদের কাছে এখনো জনপ্রিয় ইউসুফ। মালিকদের একজন মোহাম্মদ ইস্রায়িল বললেন, ‘নতুন অনেক বেকারি হলেও ইউসুফের ব্যবসায় কোনো বেশ-কম হয়নি।’ শুরুর গল্পটাও জানা গেল তাঁর কাছ থেকে। ধোলাইখালের পাশের গোয়ালঘাট এলাকার বাসিন্দা মোহাম্মদ ইউসুফ এই ব্যবসা শুরু করেন। নানা আবদুল ব্যাপারীর ছোট আকারে কেক-বিস্কুটের ব্যবসা ছিল। সেই সূত্র ধরে ১৯৩৯ সালে বেকারি খুলে বসেন মোহাম্মদ ইউসুফ। শুরুতে নাম ছিল ‘ইউসুফ বেকারি’। পরে বেকারির বাইরে নতুন নতুন খাবার যোগ হওয়ায় নাম পাল্টে ‘ইউসুফ কনফেকশনারি’ করা হয়।
ইউসুফ কনফেকশনারির প্রথম দোকানটি ছিল ৩৬ নম্বর জনসন রোডে। ১৯৫৮ সালে ১৯/এ জনসন রোডের শাখাটি শুরু হয়। এ ছাড়া ঢাকার ধানমন্ডি, গুলশান, বাংলামোটর ও রামপুরায় ইউসুফের আরও চারটি শাখা আছে। মোহাম্মদ ইউসুফের ছেলেরাই এখন দোকানগুলো চালান। জনসন রোড শাখার দায়িত্বে থাকা মোহাম্মদ ইস্রায়িল (৬৬) তাঁর পঞ্চম সন্তান।
জজকোর্টের পেছনের কারখানা থেকেই ইউসুফের সব শাখায় খাবার সরবরাহ হয়। কারখানায় রুটি-বিস্কুট, কেক আর স্ন্যাক্সের জন্য ভিন্ন ভিন্ন খাবার প্রস্তুতের ৬০ জনের ওপর কারিগর কাজ করেন।
ইউসুফ কনফেকশনারিতে ১৭-১৮ পদের বিস্কুট, দুই রকমের কেক, বিভিন্ন স্বাদের পেস্ট্রি, বনরুটি, পাউরুটি আর ছয় থেকে সাত ধরনের স্ন্যাক্স পাওয়া যায়। বিস্কুট কেজিপ্রতি ২০০-২৪০ টাকা। পাউন্ড কেক ১৩০-১৪০ টাকা। আর স্ন্যাক্সের দাম শুরু হয়েছে ছয় টাকা থেকে। জনসন রোড শাখার কর্মচারী আবদুস সালাম বললেন, তাঁদের এখানে প্লেন কেকের বিক্রি সবচেয়ে বেশি। এ ছাড়া বাটার টোস্ট, ওভালটিন বিস্কুট এসবও আছে ক্রেতাদের পছন্দের তালিকায়।
বেলা আড়াইটায়ও দোকানে ক্রেতার কমতি ছিল না। একদল যাচ্ছে তো আরেক দল এসে ঢুকছে। বেশির ভাগই পুরোনো ক্রেতা। দোকান মালিককে সালাম দিচ্ছেন, কুশল জিজ্ঞাসা করছেন। কর্মচারীদের বুঝিয়ে দিচ্ছেন ঠিক কোনটি তাঁদের চাই। বহু বছর ধরে ইউসুফের ক্রেতা মোহাম্মদ নজরুল ইসলাম। পেশায় আইনজীবী। বললেন, ‘৪০ বছরের বেশি হলো ইউসুফের কেক-বিস্কুট খাচ্ছি। কোথাও গেলে খুঁজি ইউসুফ কোথায় আছে।’