৭৭ মণ জাটকা জব্দ
মুন্সিগঞ্জ সদর উপজেলার ধলেশ্বরী নদীতে গতকাল রোববার ভোরে দুটি লঞ্চ থেকে ৭৭ মণ জাটকা জব্দ করেন কোস্টগার্ডের সদস্যরা। তবে জাটকা বহনে জড়িত কাউকে আটক করতে পারেননি। ব্যবস্থা নেননি লঞ্চমালিকের বিরুদ্ধে।পরে ওই জাটকা সদর উপজেলার এতিমখানা ও মাদ্রাসাগুলোয় বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মৎস্য কর্মকর্তারা। স্থানীয় লোকজন জানান, জাটকা বহনের দায়ে লঞ্চমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত নদীপথে জাটকা বহন বন্ধ হবে না।কোস্টগার্ড সূত্র জানায়, গতকাল ভোরে কোস্টগার্ডের নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের সদস্যরা শরীয়তপুর থেকে সদরঘাটগামী এমভি আদর ও এমভি রিয়াজ-২-কে ধলেশ্বরী নদীতে থামিয়ে তল্লাশি চালান। এ সময় দুটি লঞ্চের ভেতর থেকে ৭৭ মণ জাটকা উদ্ধার করা হয়। তবে তাঁরা জাটকার মালিকদের খুঁজে পাননি। এ ব্যাপারে কোস্টগার্ডের পাগলা স্টেশনের কমান্ডার হাসানুর রহমান বলেন, ‘আমরা জাটকা আটক করে মুন্সিগঞ্জ সদরের ইউএনও ও সদর মৎস্য কর্মকর্তার হাতে তুলে দিয়েছি। লঞ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে মৎস্য কর্মকর্তারা আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। তাঁরা কেন ব্যবস্থা নিচ্ছেন না, তা বুঝতে পারছি না।’বিস্ময়ের ব্যাপার হলো, মৎস্য আইন সম্পর্কে জানেন না সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম। তিনি অকপটে স্বীকার করেন, ‘জাটকা বহনের দায়ে লঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বিষয়টি মৎস্য আইনে আছে কি না, তা আমার জানা নেই।’কিন্তু মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এবং ১৯৮৫ সালের সংশোধিত আইন অনুযায়ী, কার্তিক মাসের মধ্যভাগ থেকে বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে (নভেম্বর-এপ্রিল) ২৩ সেন্টিমিটার পর্যন্ত ইলিশ মাছ (জাটকা) ধরা, পরিবহন বা বিক্রি করা নিষেধ। এই আইন অমান্যকারী প্রথমবার অপরাধের জন্য ৫০০ টাকা জরিমানা বা ছয় মাসের জেল বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।