৭৭২ জনের জন্য একজন পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠার আট বছরে সিলেট মহানগর পুলিশের নিজস্ব পুলিশ লাইনস নেই। ছয় থানার মধ্যে তিনটির
কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে। দুই উপকমিশনারের কার্যালয়, ট্রাফিক ও গোয়েন্দা বিভাগের দপ্তরের
একই অবস্থা। সদর দপ্তরের জন্য জায়গা অধিগ্রহণের বিষয়টি ঝুলে আছে। মহানগর পুলিশের স্থায়ী
কোনো অস্ত্রাগারও নেই।
সিলেট মহানগরের প্রায় ১৫ লাখ লোকের সেবা ও নিরাপত্তার জন্য কাজ করছেন পুলিশের এক হাজার
৯৪৩ সদস্য। ফলে ৭৭২ জনের নিরাপত্তায় রয়েছেন মাত্র একজন পুলিশ।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কার্যক্রম শুরু হয়েছিল ২০০৬ সালের ২৬ অক্টোবর। প্রতিষ্ঠার
আট বছর পূর্ণ হচ্ছে আজ। ভাড়ার বোঝার সঙ্গে আছে জনবল, আবাসন ও যানবাহন সংকট।
কর্মকর্তাদের আবাসন সুবিধাও নেই।
মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট মহানগরের আয়তন ৫১৮ বর্গকিলোমিটার। আয়তন
বিবেচনায় এটি দেশের সবচেয়ে বড় মহানগর এলাকা। কোতোয়ালি ও দক্ষিণ সুরমা থানা দিয়ে
এসএমপির যাত্রা শুরু হয়েছিল। ২০১১ সালের ১১ আগস্ট বিমানবন্দর (এয়ারপোর্ট), জালালাবাদ,
মোগলাবাজার ও শাহপরান থানা কার্যক্রম শুরু হয়। ছয়টি থানার মাধ্যমে মহানগরের প্রায় ১৫ লাখ
বাসিন্দাকে সেবা দিতে হয় পুলিশকে।
আট বছর পূর্তি উপলক্ষে এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ প্রথম
আলোকে বলেন, মহানগর পুলিশের জনবল ও আবাসন সংকট রয়েছে। থানাসহ গুরুত্বপূর্ণ বিভাগ ও
কর্মকর্তাদের নিজস্ব কার্যালয় নেই। এ রকম নানা প্রতিকূলতা থাকা সত্ত্বেও মহানগর পুলিশ জনগণকে
আন্তরিকভাবে সেবা দিয়ে যাচ্ছে।
ভাড়া বাড়িতে কার্যক্রম: প্রতিষ্ঠার শুরু থেকেই মহানগর পুলিশ কমিশনারের কার্যালয় চলছে পানি উন্নয়ন
বোর্ডের (পাউবো) জায়গায় অস্থায়ী ভবন নির্মাণ করে। ২০০৭ সালে ওই জায়গাটি অধিগ্রহণের জন্য
মহানগর পুলিশ কর্তৃপক্ষ আবেদন করলেও সেটি এখনো ঝুলে রয়েছে।
সদর দপ্তরের প্রশাসন শাখা জানায়, নগরের শিবগঞ্জ এলাকায় উপপুলিশ কমিশনারের কার্যালয় (উত্তর),
শাহজালাল উপশহর এলাকায় উপপুলিশ কমিশনারের কার্যালয় (দক্ষিণ), ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা
পুলিশের কার্যালয়ও চলছে ভাড়া করা বাড়িতে। এ ছাড়া মোগলাবাজার, জালালাবাদ ও বিমানবন্দর
থানার কার্যক্রম চলছে ভাড়া করা বাড়িতে। প্রতি থানাকে ভাড়াবাবদ মাসে ৫০ হাজার টাকা করে দিতে
হয়। এর বাইরে আনুষঙ্গিক ব্যয় তো রয়েছেই।
নেই নিজস্ব পুলিশ লাইনস: নিজস্ব পুলিশ লাইনস না থাকায় আবাসন সমস্যা প্রকট হয়ে উঠেছে।
সিলেট জেলা পুলিশ লাইনসের একটি অংশে অস্থায়ীভাবে মহানগর পুলিশ লাইনসের কার্যক্রম চলছে।
সেখানে ১৫০ জন পুলিশ কনস্টেবলের আবাসন ব্যবস্থা রয়েছে। কিন্তু গাদাগাদি করে ৩০০ পুলিশ
থাকছে। জেলা পুলিশ লাইনসের গ্যারেজটিও আবাসন কক্ষ হিসেবে ব্যবহার করছে মহানগর পুলিশ।
অস্থায়ী ওই পুলিশ লাইনসে ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ পুলিশ সদস্য থাকায় সেখানে প্রায়ই পানির সংকট
লেগে থাকে। শৌচাগার ব্যবহারেও সমস্যায় পড়তে হয়।
গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, স্থানসংকুলান না হওয়ায় কোনো কোনো বিছানায় তিন
থেকে চারজন পুলিশ সদস্য থাকছেন। মেঝেতেও বিছানা পেতে থাকতে হচ্ছে অনেককে।
মহানগর পুলিশের সদস্যরাও চরম আবাসন সংকটে রয়েছেন। জেলা পুলিশ লাইনসেই অস্থায়ীভাবে
তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ৯০ জনের থাকার ব্যবস্থা থাকলেও ২০০ নারী পুলিশ সেখানে
থাকছেন।
নাম না প্রকাশের শর্তে এক নারী কনস্টেবল বলেন, ঘুমের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় পালা করে
ঘুমোতে হচ্ছে। শৌচাগার সমস্যা তো রয়েছেই। তিনি বলেন, নারীদের জন্য পৃথক একটি ব্যারাক তৈরি
করা জরুরি হয়ে পড়েছে।
পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, উপপুলিশ কমিশনার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার,
সহকারী পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তাদেরও আবাসন সুবিধা নেই। এর ফলে তাঁদের ভাড়া
বাসায় থাকতে হচ্ছে।
জনবল সংকট, আরও সমস্যা: জনবল সংকটের কারণেও সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে পুলিশের।
মহানগরের ছয় থানায় মঞ্জুরি করা পদের সংখ্যা দুই হাজার ৩২৩টি। পদ শূন্য আছে ৩৮০টি। শূন্য
পদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ট্রাফিক সার্জেন্ট ২০টি, কনস্টেবল (সশস্ত্র) ১৮৪টি এবং কনস্টেবল
(নিরস্ত্র) ১০৯টি।
এ ছাড়া ছয় থানায় পিকআপ রয়েছে মাত্র ছয়টি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব ব্যবহার
করেন। নিয়মিত টহল পরিচালনা করার জন্য প্রতিদিন গড়ে ৫০ থেকে ৭০টি সিএনজিচালিত
অটোরিকশা রিকুইজিশন কিংবা ভাড়া করতে হচ্ছে।
ছয় থানায় রেকার আছে মাত্র একটি। ছয় থানার জন্য সাজোয়া যান এপিসি আছে একটি।
যানবাহন সংকটের কারণে অপরাধ নির্মূলসহ রাজনৈতিক বা অন্য কোনো কারণে সহিংস ঘটনা ঘটলে তা
মোকাবিলায় বেগ পেতে হয় বলে মহানগর পুলিশের একটি সূত্র জানিয়েছে।
মহানগর পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস এম রোকন উদ্দিন প্রথম আলোকে বলেন, শূন্য
থেকেই এসএমপির শুরু হয়েছিল। অনেক সমস্যার সমাধান হয়েছে। পর্যায়ক্রমে সব সমস্যা দূর হবে।
সদর দপ্তরের প্রসঙ্গে তিনি জানান, পাউবোর কাছ থেকে অধিগ্রহণের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা
হয়েছে। এ ছাড়া নিজস্ব পুলিশ লাইনস প্রতিষ্ঠা, আবাসন সংকট দূর করা, ভাড়াবাড়িতে চলা তিন থানার
নিজস্ব জায়গা অধিগ্রহণসহ সংকটগুলো কাটিয়ে উঠতে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।