৭৮টি মার্কেটের দোকান ভাড়া বাড়াচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ইতিমধ্যে এ লক্ষ্যে গঠিত কমিটি মার্কেটগুলোর ভাড়া প্রতি বর্গফুট ৫০ শতাংশ হারে বাড়ানোর সুপারিশ করেছে।
কমিটির সদস্যরা বলছেন, মার্কেটগুলোর আগের বছরের ভাড়া, আশপাশের অন্যান্য মার্কেটের দোকান ভাড়া পর্যালোচনা করে ভাড়া বাড়ানোর এই প্রস্তাব করা হয়েছে। তবে সেটিও অন্যান্য মার্কেটের তুলনায় অনেক কম।
সিটি করপোরেশনের এ উদ্যোগের প্রতিবাদ জানিয়েছেন দোকানমালিকেরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা সিটি করপোরেশনে মার্কেট ফেডারেশনের উদ্যোগে মীম কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সেখানে ৭৮টি মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতারা অংশ নেবেন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি তিন বছর অন্তর মার্কেটগুলোর ভাড়া পুনর্নির্ধারণ করে সিটি করপোরেশন। তারই অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমনিতেই সিটি করপোরেশনের মার্কেটের দোকানের ভাড়া অন্যান্য মার্কেটের চেয়ে অনেক কম।
মার্কেট ফেডারেশনের সভাপতি জহির উদ্দিন মোহাম্মদ বাবর গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন কখনোই ভাড়া কমায়নি। তাই এবারও ভাড়া বাড়বেই। তারা ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আমরা বলেছি, কয়েক বছর ধরে ব্যবসা মন্দ যাচ্ছে। তাই ভাড়া বাড়ালে ব্যবসায়ীদের সমস্যা হবে। ভাড়া বাড়ানোর এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই মতবিনিময় সভা ডাকা হয়েছে।’
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, ভাড়া নির্ধারণের লক্ষ্যে গঠিত পাঁচ সদস্যের কমিটি চলমান ভাড়া সম্পর্কে ধারণ নিতে মার্কেটগুলো সরেজমিনে পরিদর্শন করে এবং ব্যবসায়ী ও মার্কেট সমিতির নেতাদের সঙ্গে কথা বলে। এরপরই ডিএসসিসির রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে দোকান ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির ভাড়া বাড়ানোর প্রতিবেদন থেকে দেখা যায়, ৭৮টি মার্কেটের মধ্যে ঢাকা নিউমার্কেটের নিচতলার ভাড়া প্রতি বর্গফুট ১৭ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা, চন্দ্রিমা সুপার মার্কেটের নিচতলার ভাড়া ১৪ টাকা থেকে ২০ টাকা, দ্বিতীয় তলার ভাড়া ১১ টাকা থেকে ১৭ টাকা, তৃতীয় তলার ভাড়া ৯ টাকা থেকে ১৫ টাকা, বকশীবাজার মার্কেটের নিচতলার ভাড়া ৬ টাকা থেকে ১০ টাকা, নীলক্ষেত রোড সাইড মার্কেটের নিচতলার ভাড়া ৫ টাকা থেকে ১০ টাকা, আজিমপুর সুপার মার্কেটের নিচতলার ভাড়া ৭ টাকা থেকে ১০ টাকা, দ্বিতীয় তলার ভাড়া ৪ টাকা থেকে ৮ টাকা, কাঁঠালবাগান কাঁচাবাজারের মুদি, তরকারি ও মাছের দোকানের ভাড়া ৭ টাকা থেকে ১০ টাকা, হাতিরপুল কাঁচাবাজারের ভাড়া ৮ টাকা থেকে ১৫ টাকা, সেগুনবাগিচা কাঁচাবাজারের নিচতলার ভাড়া ১০ টাকা থেকে ১৫ টাকা, দ্বিতীয় তলার ভাড়া ৯ টাকা থেকে ১৪ টাকা, নাজিরাবাজার মার্কেটের নিচতলার ভাড়া ৭ টাকা থেকে ১১ টাকা, সিদ্দিকবাজার সমবায় সমিতি মার্কেটের ভাড়া ১১ টাকা থেকে ১৬ টাকা করার সুপারিশ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও দোকানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির আহ্বায়ক শাহিনা খাতুন প্রথম আলোকে বলেন, ‘খুব অল্পই বাড়ানোর সুপারিশ করা হয়েছে। মার্কেট কর্তৃপক্ষ যাতে কোনো প্রতিবাদের সুযোগ না পায়, সে বিষয়টি মাথায় রেখেই বাড়ানো হয়েছে। তবু যদি তারা প্রতিবাদ করে, তবে সেটি খুবই দুঃখজনক হবে। এই অল্প ভাড়াও যদি তারা না দিতে চায়, তা হলে সিটি করপোরেশন চলবে কী দিয়ে।’