৭৮ শতাংশ প্রার্থীই এসএসসি পাস করতে পারেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভা নির্বাচনে ৭৮ শতাংশ প্রার্থীই মাধ্যমিক স্কুলের গণ্ডি পার হতে পারেননি। তিনজন মেয়র প্রার্থীর একজন, ১৫ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর ১৩ এবং ৩৭ সাধারণ কাউন্সিলর প্রার্থীর ২৯ জনই মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডি পেরোতে পারেননি।
রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা হলফনামা ঘেঁটে দেখা গেছে, মেয়র, সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী মোট ৫৫ প্রার্থীর ৪৩ জনের পড়াশোনা এসএসসির আগেই শেষ হয়েছে।
মেয়র পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন বর্তমান মেয়র বিএনপি মনোনীত পৌর বিএনপির সভাপতি মহিদুল ইসলাম, আওয়ামী লীগ মনোনীত পৌর আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান ও স্বতন্ত্র প্রার্থী পৌর জামায়াতের সহযোগী সদস্য আশকার আলী। হলফনামায় দেওয়া তথ্যানুযায়ী মতিয়ার রহমান ও আশকার আলী এইচএসসি এবং মহিদুল ইসলাম অষ্টম শ্রেণি পাস।
সংরক্ষিত তিনটি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ১৫ প্রার্থীর মধ্যে দুজন এইচএসসি, সাতজন অষ্টম শ্রেণি ও একজন পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এ ছাড়া, দুজন স্বশিক্ষায় শিক্ষিত ও একজন স্বাক্ষরজ্ঞান হিসেবে উল্লেখ করেছেন। এ ছাড়া দুজন প্রার্থী শিক্ষাগত যোগ্যতার ঘরটি ফাঁকা রেখেছেন।
সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী ৩৭ প্রার্থীর মধ্যে আটজন এইচএসসি, ছয়জন এসএসসি, একজন দশম, নয়জন অষ্টম এবং চারজন পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। বাকি নয়জনের মধ্যে পাঁচজন স্বশিক্ষিত, একজন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন, দুজন লিখেছেন ‘প্রযোজ্য নয়’ এবং একজন লিখেছেন ‘নাই’।
অবসরপ্রাপ্ত কলেজশিক্ষক আবদুল মুহিত বলেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠানের সঙ্গে লিখিত চুক্তি করতে হয়। সেখানে শিক্ষাক্ষেত্রে ‘প্রযোজ্য নাই’ ও ‘নাই’ বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। এ জন্য জনপ্রতিনিধির গুরুত্ব বুঝে শিক্ষাগত যোগ্যতার একটি নির্দিষ্ট মাপকাঠি থাকা দরকার।
পৌরসভার সাবেক কাউন্সিলর জহির রায়হান বলেন, মানুষ অনেক আশা-ভরসা নিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে। কিন্তু নির্বাচিত মেয়র বা কাউন্সিলররা মেয়াদকালে মানুষের সব প্রত্যাশা পূরণ করতে পারেন না। তা ছাড়া, সাম্প্রতিক সময়ে নির্বাচিত জনপ্রতিনিধিদেরও সেভাবে মর্যাদা দেওয়া হয় না। যে কারণে শিক্ষিত লোকজন নির্বাচনে আগ্রহ হারিয়ে ফেলেছেন।