৭৮০ কোটি টাকায় কেনা হচ্ছে দুটি মাদার ট্যাংকার
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) বহরে শিগগিরই যুক্ত হচ্ছে দুটি নতুন মাদার ট্যাংকার। ট্যাংকার দুটির প্রতিটির ধারণক্ষমতা এক লাখ থেকে ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন। ট্যাংকার দুটি বহরে যুক্ত হলে বিদেশ থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অপরিশোধিত তেল চট্টগ্রাম বহির্নোঙ্গর পর্যন্ত পরিবহন করা যাবে ।
আজ বৃহস্পতিবার চীনের একটি কোম্পানির সঙ্গে এ–সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে এই এমওইউ স্বাক্ষর হয়। এতে স্বাক্ষর করেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর এম হাবিবুর রহমান ভূঁইয়া এবং চায়না পেট্রোলিয়াম টেকনোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট করপোরেশনের (সিপিটিডিসি) ভাইস প্রেসিডেন্ট ফ্যান শিহং। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় এ সময় উপস্থিত ছিলেন। জিটুজি পদ্ধতিতে মাদার ট্যাংকারের জন্য ব্যয় হবে প্রায় ৭৮০ কোটি টাকা।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজ দুটি কেনা হলে বিদেশি জাহাজের ওপর নির্ভরশীলতা কমবে এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। তা ছাড়া অপরিশোধিত তেল পরিবহনে নিরাপত্তা নিশ্চিত হবে, প্রতিকূল পরিস্থিতিতে এই জাহাজের মাধ্যমে তেল পরিবহন নিশ্চিত করা সম্ভব হবে। এ ছাড়া মেরিন একাডেমি থেকে উত্তীর্ণ ক্যাডেটদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
প্রসঙ্গত, বিএসসির বহরে এখন পাঁচটি সমুদ্রগামী জাহাজ রয়েছে।