৭৯ ইউপিতে এক থেকে দুই যুগ পর নির্বাচন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক-দেড় বা দুই যুগ ধরে নির্বাচন না হওয়া দেশের ৭৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মামলাজনিত জটিলতার অবসান হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্প্রতি এসব মামলার নিষ্পত্তি করেছে। তাই আগামী মার্চে সারা দেশের প্রায় সাড়ে চার হাজার ইউপির সঙ্গে এই ৭৯টি ইউপিতেও এবার নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়া ইউপিগুলোর মামলাজনিত জটিলতা নিরসনের জন্য নির্বাচন কমিশন (ইসি) থেকে মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছিল। মন্ত্রণালয় মামলাগুলোর নিষ্পত্তি করেছে। ফলে ৭৯টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আপাতত আইনি কোনো বাধা নেই। কমিশনের তথ্য অনুযায়ী, ৭৯টি ইউপির মধ্যে ১৫টিতে নির্বাচন হচ্ছে না ১৮ থেকে ২২ বছর ধরে। এর মধ্যে ঢাকার তেজগাঁও সার্কেলের মাতুয়াইল, দনিয়া ও শ্যামপুরে সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৮৮ সালে এবং নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে ১৯৯০ সালে। ১১টি ইউনিয়নে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯২ সালে। এগুলো হলো বান্দরবান সদরের রাজবিলা, রাঙামাটির রাজস্থালী উপজেলার বাঙ্গালহালিয়া, নারায়ণগঞ্জ বন্দরের কলাগাছিয়া, বন্দর, মুছাপুর ও ধামগড়; নারায়ণগঞ্জ সদরের ফতুল্লা, এনায়েতনগর, কাশীপুর ও গোগনগর এবং মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল। অবশিষ্ট ইউপিতে নির্বাচন হচ্ছে না ১০ থেকে ১৫ বছর কিংবা তারও বেশি সময় ধরে।কমিশনের কর্মকর্তাদের মতে, মামলাগুলো সংশ্লিষ্ট চেয়ারম্যান বা তাঁদের নিজস্ব লোকজন করেছেন, যাতে দীর্ঘ সময় চেয়ারম্যানের দায়িত্ব পালন করা যায়। অতীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদাসীনতায় মামলাগুলোর নিষ্পত্তি হয়নি। সূত্র জানায়, মার্চে ইউপি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে কমিশন চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রায় সাড়ে সাত কোটি ব্যালটপেপার, বিভিন্ন ধরনের ফরম ও প্যাকেট, নির্দেশিকা এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের পরিচয়পত্র ছাপার কাজ এরই মধ্যে শুরু হয়েছে।