৭৯ নম্বর সড়কে নিহতদের ফুলের শ্রদ্ধা

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত লোকজনের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বজন, বন্ধু ও দেশি-বিদেশি সাধারণ মানুষ। ঈদের দিন ৭৯ নম্বর সড়কের প্রবেশমুখে পুলিশের ব্যারিকেডের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। এ ছাড়া বনানী কবরস্থানে দাফন হওয়া দুই বাংলাদেশি ফারাজ আইয়াজ হোসেন ও অবিন্তা কবীরের কবরে ফুল দিয়ে স্বজনেরা শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তাঁরা মোনাজাত করেন।
রাজধানী ৭৯ নম্বর সড়কে গিয়ে দেখা যায়, ঈদের নামাজের পর সকাল থেকেই বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ ফুল দিয়ে, কাগজে নানা ধরনের শোকবার্তা লিখে সেখানে শ্রদ্ধা জানাচ্ছেন। সেখানে কয়েকজন বিদেশি নাগরিককেও শ্রদ্ধা জানাতে দেখা গেছে।

১ জুলাই হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে ১৭ জন বিদেশি, তিনজন বাংলাদেশি ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে কমান্ডো অভিযানে ৫ জঙ্গি ও রেস্তোরাঁর ১ কর্মী নিহত হন। অবশ্য রেস্তোরাঁর ওই কর্মীকে জঙ্গিদের সহায়তাকারী হিসেবে মামলায় উল্লেখ করা হয়েছে। নিহত তিন বাংলাদেশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা হলেন ফারাজ, অবিন্তা ও ইশরাত আখন্দ। ১৭ বিদেশি নাগরিকের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতীয় নাগরিক।