‘অবিন্তা কবির, ফারাজ হোসেন, নাদিয়া বেনেদিত্তি, রবিউল ইসলাম, সালাউদ্দীন খান, তারুশি জৈন এবং যেসব মূল্যবান জীবন আমরা হারিয়েছি, আমরা তাদের স্মরণ করছি।’ ঘিয়ে রঙের এক টুকরো কাগজের ওপর টাইপ করে লেখা কথাগুলো। সেঁটে রয়েছে সাদা কাগজে মোড়ানো একগুচ্ছ রজনীগন্ধার গায়ে। সামনেই জ্বলছে কয়েকটি মোমবাতি। আশপাশে আরও কয়েকটি ফুলের তোড়া।
গতকাল রোববার রাজধানীর গুলশান এলাকার ৭৯ নম্বর সড়কের প্রবেশমুখে ছিল পুলিশের ব্যারিকেড। বাঁ পাশে ব্যারিকেড ঘেঁষে ফুলের তোড়াগুলো। শনিবার এই সড়কের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে এই তোড়াগুলো রেখে গেছেন তাঁদের বন্ধু, স্বজন ও সাধারণ মানুষ। তাঁরা সবাই ছিলেন শোকাহত, মৌন। দীর্ঘশ্বাস ছেড়েছেন অনেকে। তারপর নীরবেই চলে গেছেন।
দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে ঘটনাস্থলের বাইরের এই স্থানে ছিল দেশি ও বিদেশি গণমাধ্যমের কর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জটলা। ব্যারিকেডের ওপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ওই সড়কের বাসিন্দা ছাড়া আর কারও প্রবেশে কড়া নিষেধাজ্ঞা। বাড়ির বাসিন্দাদেরও তল্লাশি ছাড়া ভেতরে প্রবেশ ও বের হতে দেওয়া হচ্ছিল না। অভিযানের পর হলি আর্টিজান বেকারির অবস্থা ঠিক কেমন, তা গতকালও জানা যায়নি। এলাকায় মানুষের চলাচল ছিল কম। বাড়িগুলোতেও ছিল সুনসান নীরবতা।
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর মুক্তিযোদ্ধা আক্কু চৌধুরী বলেন, ‘বলার কিছু নেই। মনে হচ্ছে একাত্তরে ফিরে গেছি। ধর্মের নামে বিকৃতি, ধর্মের নামে খুনোখুনি বন্ধ করতে হবে। তাহলে আমরা আমাদের সোনার বাংলা গড়তে পারব। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে হলে তরুণদের এগিয়ে আসতে হবে।’
ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে আসেন নিহত বিদেশি নাগরিকদের কয়েকজনের স্বজন। ফুল দেওয়ার পর নীরবে চোখের জল ফেলতে দেখা গেছে তাঁদের। কিন্তু সংবাদমাধ্যমে তাঁরা কোনো কথা বলতে রাজি হননি।
শ্রদ্ধা জানাতে এসেছিলেন এক ভারতীয় দম্পতি। ফুল দেওয়া শেষে উর্মি ভট্টাচার্য বলেন, ‘পুরো দেশের জন্য এটি একটি বিরাট ক্ষতি।’ থমথমে অবস্থার মধ্যে ওই এলাকায় জড়ো হয়েছিলেন বেশ কিছু উৎসুক মানুষ। এর মধ্যে দায়িত্ব পালন করেছেন বিদেশি গণমাধ্যমকর্মীরাও। ঘটনাস্থলে চীনা গণমাধ্যমকর্মী তাকাই নজোমু বলেন, গত শুক্রবার রাতে রেস্তোরাঁয় জিম্মি ঘটনা শোনার পরই তিনি চীন থেকে এসেছেন। সেখানকার টিভি চ্যানেল ইয়োনিউরিতে প্রচারের জন্য সংবাদ সংগ্রহ করছেন।
বেলা ১২টা ৩৫ মিনিটে হলি আর্টিজান বেকারির ফটকে একটি পুলিশের গাড়ি, জাপানের পতাকাবাহী একটি কালো জিপ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার-সংবলিত আরেকটি কালো জিপ প্রবেশ করে। গাড়িগুলো সেখানে পাঁচ মিনিট অবস্থান করেই চলে যায়।
এর আগে বেলা ১২টা ২০ মিনিটে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের পাঁচ সদস্যের একটি দল রেস্তোরাঁয় প্রবেশ করে। দলের সদস্য সিআইডির পরিদর্শক আবুল হাসান প্রথম আলোকে বলেন, আলামত সংগ্রহ করার জন্য তাঁরা এসেছেন। প্রায় একই সময়ে ওই রেস্তোরাঁয় ডিবির বোমা নিষ্ক্রিয়করণ দলও প্রবেশ করে। তবে ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়ার সময় এঁদের কেউই গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেননি।