৭৯ পদের ৩৩টি শূন্য
কিশোরগঞ্জের নিকলী উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের ৭৯টি পদের মধ্যে ৩৩টিই শূন্য। এতে ওই বিভাগের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ সূত্র জানায়, উপজেলার সাতটি ইউনিয়নের মোট জনসংখ্যা ১ লাখ ৫১ হাজার ৩১২ জন। এই জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসেবা প্রদান, জন্মনিয়ন্ত্রণ, ইপিআই টিকাদান কেন্দ্রে শিশুদের সেবা প্রদানসহ বিভিন্ন ধরনের কাজ করতে মাঠপর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক জনবল নেই। এ কারণে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। গ্রাম পর্যায়েও জন্মনিয়ন্ত্রণ-সংক্রান্ত কার্যক্রমও ঝিমিয়ে পড়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, গ্রামের অধিকাংশ নারী-পুরুষ পরিবার পরিকল্পনা বিভাগের জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি সম্পর্কে জানেই না। প্রচার-প্রচারণা অভাবে পরিবার পরিকল্পনা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোতে মাসে যেসব ওষুধ দেওয়া হয়, ওই সব কেন্দ্রে তা না পেয়ে ফিরে যাচ্ছেন সাধারণ মানুষ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, শূন্য পদগুলো পূরণের জন্য মে মাসে জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে তালিকা পাঠানো হয়েছে।