৭৯ সহকারী জজ নিয়োগের গেজেট প্রকাশ
অবশেষে নবম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় (বিজেএস) উত্তীর্ণ ৭৯ জনকে সহকারী জজ হিসেবে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হলো। আজ রোববার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা-১ থেকে এই গেজেট প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি প্রকাশের দুই বছর আট মাস এবং ফলাফল প্রকাশের এক বছর পর এই গেজেট প্রকাশ করা হলো। এই ৭৯ জনের মধ্যে ৫৯ জন মেধায় এবং বাকি ২০ জন বিভিন্ন কোটায় নিয়োগ পেয়েছেন। এঁদের মধ্যে কে কোথায় নিয়োগ পেয়েছেন, সেটিও উল্লেখ করা হয়েছে গেজেটে। যাঁকে যেখানে পদায়ন করা হয়েছে, ২২ জানুয়ারি তাঁদের সেখানে কাজে যোগ দিতে হবে।
সহকারী জজ নিয়োগের সব প্রক্রিয়া চূড়ান্ত করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন (জেএসসি)। বিচার বিভাগ পৃথক হওয়ার পর ২০০৭ সালে এই কমিশন গঠিত হয়। প্রথম দুটি সহকারী জজ নিয়োগের পরীক্ষার ফলাফল থেকে শুরু করে যোগদান—সবকিছু সাত থেকে আট মাস লাগলেও এখন পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে দুই থেকে তিন বছর লেগে যাচ্ছে। এ নিয়ে গত বছরের ২৬ সেপ্টেম্বর ‘সহকারী জজ নিয়োগে সময় বেশি লাগছে বিসিএসের চেয়েও’ শিরোনামে একটি সংবাদও প্রকাশিত হয় প্রথম আলোয়।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৯ মে নবম বিজেএস পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ওই বছরের ১২ সেপ্টেম্বর প্রাথমিক বাছাই বা প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন তিন হাজার ১৯৪ জন প্রার্থী। উত্তীর্ণ হন ১ হাজার ৪৯৬ জন। ২০১৫ সালের ১০ এপ্রিল থেকে ২ মে তাঁদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ হন ৪১৩ জন। ১ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে মৌখিক পরীক্ষা শেষে ৩১ ডিসেম্বরই চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১০০ জন প্রার্থী উত্তীর্ণ হন। কিন্তু তাঁদের পুলিশ ও গোয়েন্দা তথ্য যাচাই করতেই এক বছর লেগে গেল।