৭৯টি নিবন্ধনবিহীন মোটরসাইকেল আটক
কুষ্টিয়ায় নিবন্ধনবিহীন ৭৯টি মোটরসাইকেল আটক করেছে পুলিশ। গত বুধবার সকাল থেকে ১০ ঘণ্টা অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো আটক করা হয়। এ ছাড়া ১২৩টি মোটরসাইকেলের মালিকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।
এদিকে আটকের খবরে মোটরসাইকেলের মালিকেরা নিবন্ধন করতে জেলা বিআরটিএ কার্যালয়ে ভিড় জমিয়েছেন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, সারা দেশে নিবন্ধনবিহীন মোটরসাইকেল আটকের অভিযান পরিচালিত হচ্ছে। বুধবার সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পুরো জেলায় এ অভিযান চলে। এ সময় ৭৯টি মোটরসাইকেল আটক করা হয় এবং ১২৩টি মোটরসাইকেলের চালকের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।
পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, আটক করা মোটরসাইকেলগুলোর নিবন্ধন না হওয়া পর্যন্ত ছাড়া হবে না।
মোটরসাইকেল আটকের খবরে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিআরটিএর কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ে মালিকেরা নিবন্ধন করতে ভিড় জমান। বিআরটিএর কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গত এক সপ্তাহে ২১৬টি মোটরসাইকেল নিবন্ধনের আবেদন জমা পড়েছে। গতকালও ৫০টি আবেদন জমা পড়েছে।