অষ্টম ওয়েজবোর্ড সংশোধন ও তা বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে আগামী ৮ এপ্রিল বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত চার ঘণ্টা কর্মবিরতি পালন করবে সাংবাদিক-কর্মচারী ঐক্য পরিষদ। ওই দিন দেশের সব প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সময় ঢাকায় সমাবেশ অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। একই সঙ্গে গতকাল সংবাদপত্র ও সংবাদ সংস্থায় বেলা ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত কর্মবিরতি পালন হওয়ার কথা জানিয়েছে ঐক্য পরিষদ।
গতকালের সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, ওয়েজবোর্ডে মালিকদের সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু সাংবাদিক ও কর্মচারীদের সেই সুবিধা দিচ্ছেন না অধিকাংশ মালিক।
সমাবেশে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের কো-কনভেনর রুহুল আমিন গাজী। সাংবাদিক ও কর্মচারী নেতাদের মধ্যে বক্তৃতা করেন মনজুরুল আহসান বুলবুল, শওকত মাহমুদ, আবদুল জলিল ভূঁইয়া, আলতাফ মাহমুদ, কুদ্দুস আফ্রাদ, আলমগীর হোসেন, মতিউর রহমান তালুকদার প্রমুখ।