৮ এপ্রিল তিস্তা অভিমুখে বাম মোর্চার রোডমার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তা থেকে ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে তিস্তা ব্যারেজ অভিমুখে রোডমার্চ করবে গণতান্ত্রিক বাম মোর্চা। সংগঠনের সমন্বয়ক আবদুস সাত্তার গতকাল বুধবার সকালে তোপখানা রোডে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
৮ এপ্রিল ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে রোডমার্চ শুরু হবে। এরপর পথে পথে সমাবেশ, মিছিল, গণসংযোগ, প্রচারপত্র বিলি, জনসভা। রোডমার্চ তিস্তা ব্যারেজে পৌঁছাবে ১০ এপ্রিল বিকেলে। স্থানীয় দোয়ানীবাজারে সমাবেশের মাধ্যমে রোডমার্চ কর্মসূচি শেষ হবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, তিস্তায় স্মরণকালের ভয়াবহ পানি-সংকট চলছে। পানির অভাবে তিস্তা সেচ প্রকল্পের অধীনে ৬৫ হাজার হেক্টর জমিতে এ বছর চাষাবাদ করা যাচ্ছে না। ভারত তিস্তা ব্যারেজের ৬৫ কিলোমিটার উজানে গজলডোবা ব্যারেজের সব গেট বন্ধ করে দিয়ে একতরফা পানি প্রত্যাহার করায় গ্রীষ্মকালীন মৌসুমে তিস্তা নদীতে চরম পানি-সংকট দেখা দিয়েছে। ভারতের একতরফা পানি প্রত্যাহার এবং মহাজোট সরকারের নতজানু নীতির প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে।