৮ এপ্রিলের মধ্যে বন্ধ পিএসটিএন চালুর দাবি
৮ এপ্রিলের মধ্যে বন্ধ সব বেসরকারি ল্যান্ডফোন (পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক-পিএসটিএন) অপারেটরের কার্যক্রম পুনরায় চালুর দাবি জানিয়েছে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অব পিএসটিএন অপারেটরস অব বাংলাদেশ (ইএপিওবি)। কর্মকর্তা-কর্মচারীদের প্রতি সদয় হয়ে মানবিক কারণে খুব দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি দাবি জানান তাঁরা। অন্যথায় মানববন্ধন, প্রতীকী অনশন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়াসহ প্রয়োজনে আমরণ অনশনে যাওয়ার হুমকি দিয়েছেন সংগঠনের নেতারা।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব দাবি জানান। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জামিল আনোয়ারী (ওয়ানটেল)। উল্লেখ্য, অবৈধভাবে বৈদেশিক কল আদান-প্রদানের অভিযোগে গত মাসে পাঁচটি পিএসটিএন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ প্রেক্ষাপটে ৩ এপ্রিল গঠন করা হয় সংগঠনটি। সংগঠনের সভাপতি ফাখরুল আরেফিন (র্যাংকসটেল) বলেন, তাঁদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ায় হুমকির মুখে রয়েছে বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর প্রায় চার হাজার কর্মকর্তা-কর্মচারীর ভবিষ্যৎ।