৮ কিমি. পাড়ি দিয়ে খাওয়ার পানি সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন লাগোয়া সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শুষ্ক মৌসুমে খাবার পানির তীব্র সংকট দেখা দেয়। এর ফলে বাধ্য হয়ে উপকূলীয় এ এলাকার অনেকে পুকুরের পানি পান করছে। কেউ কেউ আট কিলোমিটার পাড়ি দিয়ে পানি সংগ্রহ করছে।
মাত্রাতিরিক্ত লবণাক্ততার কারণে এসব এলাকায় গরিব মানুষকেও খাওয়ার পানি কিনে খেতে হচ্ছে। উপজেলার মুন্সিগঞ্জ, কদমতলা কালিঞ্চি, মথুরাপুর ও কুপোট এলাকা ঘুরে এমন চিত্র মিলেছে। এ পরিস্থিতিতে আজ বুধবার (২২ মার্চ) পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস।
মুন্সিগঞ্জের ফুলবাড়ি গ্রামের জাহানারা বেগম বলেন, পাঁচজনের সংসারে প্রতিদিন দুই কলস খাওয়ার পানি দরকার। মেয়েরা ছোট। একমাত্র ছেলে গত বছর পর্যন্ত পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত শ্রীফলকাঠি থেকে খাওয়ার পানি নিয়ে আসত। লেখাপড়ার জন্য সে বাড়ির বাইরে।এখন তিনি নিজে এক কিলোমিটার দূরের একটি পুকুর থেকে পানি আনেন। তবে সেখানকার পানিও লবণাক্ত। আইলা আঘাত হানার পর দুবার পুকুরটি খনন হয়েছে। তারপরও লবণাক্ততা কাটেনি। তাই বাধ্য হয়ে ওই পানি পান করতে হচ্ছে।
কদমতলা গ্রামের কলেজছাত্র এশার আলী বলেন, তাঁদের এলাকায় গভীর নলকূপের পানিও লবণাক্ত। এলাকার মানুষ বর্ষাকালে বৃষ্টির পানি সংরক্ষণ করে। এ ছাড়া পুকুরে স্থাপন করা পিএসএফের (পরিশোধন ব্যবস্থা) পানি পান করে। তবে গত মৌসুমে বৃষ্টি কম হওয়ায় এখনই পুকুরের পানি খাওয়ার জন্য ব্যবহার করতে হচ্ছে। মা-বাবা অসুস্থ। প্রতিদিন তাঁকে তিন কিলোমিটার দূরের হরিনগর বাজার-সংলগ্ন স্লুইসগেট এলাকা থেকে পানি আনতে হয়।
‘কত লেখা তো লিখলে কিন্তু আমাগো পানির ব্যবস্থা হলো কই’, এ প্রশ্ন রেখে কুপোট গ্রামের নলিনী মণ্ডল বলেন, ভরদুপুরে রোদের মধ্যে তিন-চার কিলোমিটার দূর থেকে খাওয়ার পানি আনতে হচ্ছে। ২০০৯ সালে আইলার আঘাতে গোটা এলাকা লবণপানিতে ডুবে যায়। গত সাত-আট বছরেও লবণাক্ততা কাটেনি। এর ফলে আগের মতো শুষ্ক মৌসুমে পুকুরের পানি ব্যবহার করা যাচ্ছে না।
ঝাঁপা গ্রামের হরষিদ মণ্ডল বলেন, কর্মসৃজন কর্মসূচিতে তিনি নাম লিখেয়েছেন। সকাল থেকেই কাজ করতে হয়। স্থানীয় এক ভ্যানচালক তাঁর পরিবারের জন্য পানি এনে দেন। কলসপ্রতি ১০ টাকা দিতে হয়। তাঁর মতো অনেকেই এভাবে খাওয়ার পানি কিনছেন।
পানি বিক্রেতা চণ্ডিপুর গ্রামের রবিউল ইসলাম বলেন, শুষ্ক মৌসুমটা তাঁর পানি বিক্রি করেই চলে। বাসাবাড়ি থেকে শুরু করে ছোট হোটেল-রেস্তোরাঁয় তিনি পানি সরবরাহ করেন। দূরত্ব ভেদে কলসপ্রতি তিনি ১০-৩০ টাকা নেন।
খাওয়ার পানির সংকটের বিষয়টি নিশ্চিত করে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলায় ১ হাজার ৪১৮টি গভীর, ৩২২টি অগভীর নলকূপ চালু রয়েছে। এ ছাড়া পানি পরিশোধনের ৮ শতাধিক এসএসটি ও পিএসএফ সচল রয়েছে। তবে বৃষ্টি কম হওয়ায় এগুলো পানির চাহিদা মেটাতে পারছে না। সমস্যা মোকাবিলায় আরও শতাধিক গভীর-অগভীর নলকূপ এ বছর স্থাপন করা হয়েছে।