৮ কিলোমিটার আগেই বেদখল, বাকিটুকুও দখলদারদের কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের ঘাটারচর শহীদনগর এলাকায় বাঁশের ঘেরা দিয়ে এভাবে খাল দখল করা হয়েছে l ছবি: প্রথম আলো
কেরানীগঞ্জের ঘাটারচর শহীদনগর এলাকায় বাঁশের ঘেরা দিয়ে এভাবে খাল দখল করা হয়েছে l ছবি: প্রথম আলো

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর ১৫ কিলোমিটার দীর্ঘ আটি জয়নগর শাখা খালের আট কিলোমিটারই গত কয়েক বছরে দখল হয়ে গেছে। বাকি অংশও বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে দখল হচ্ছে।
ঘাটারচর শহীদনগর এলাকায় খালটির অংশবিশেষ বাঁশের ঘেরা দিয়ে দখল করে নিয়েছেন স্থানীয় এক প্রভাবশালী। খালের ভাঙ্গাবাড়ি ও বালুরচর এলাকার দক্ষিণ পাড়ে কয়েকটি আবাসন কোম্পানি পাড় দখল করে মাটি ভরাট করছে।
তারানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বড় ভাওয়াল গ্রামের বাসিন্দা মনির হোসেন বলেন, এই খালটি খোলামোড়া থেকে আটি জয়নগর ও কলাতিয়া এলাকা দিয়ে ধলেশ্বরী নদীর সঙ্গে যুক্ত ছিল। এর দৈর্ঘ্য ছিল প্রায় ১৫ কিলোমিটার। বিভিন্ন সময়ে আটি জয়নগর থেকে কলাতিয়া পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকার বেশির ভাগ জায়গা দখল হয়ে যাওয়ায় খালের এই অংশ বিলুপ্ত হয়ে গেছে। ফলে এই পুরো এলাকায় কৃষিকাজে সেচের পানির সমস্যা দেখা দিয়েছে।
গত সোমবার দুপুরে গিয়ে দেখা গেছে, ঘাটারচর, শহীদনগর, বাঙ্গাল বাড়ি ও বালুচর এলাকায় খালের দুই পাশ দখল করে মাটি ভরাট করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আটি ও ঘাটারচর এলাকার একাধিক বাসিন্দা জানান, ঘাটারচর শহীদনগর এলাকার ব্যবসায়ী গণি ফকির খালের পাড় দখল করে সেখানে পাকা দেয়াল নির্মাণ করেছেন। ওই দেয়ালের পরও খালের একটা অংশ দখল করে সেখানে বাঁশের বেড়া দিয়েছেন তিনি।
তবে গণি ফকির খালের জায়গা দখলের অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি খালের কোনো জায়গা দখল করিনি। কয়েক বছর আগে শহীদনগর এলাকায় আট কাঠা জমি কিনে সেখানে দেয়াল নির্মাণ করেছি। বাকি অংশে আমার জমির সীমানা বাঁশ দিয়ে ঘেরা দিয়ে দখলে রেখেছি।’
এ ছাড়া বাঙ্গাল বাড়ি এবং বালুচর এলাকার শাহজাহান মাস্টার ও তাঁর সহযোগীরা খালের পাড় ভরাট করে প্লটের ব্যবসা করছেন। এতে খালটি সরু হয়ে যাওয়ায় এই এলাকা দিয়ে নৌযান চলাচলে সমস্যা হচ্ছে।
দক্ষিণ বালুচরের মহিউদ্দিন মিয়া জানান, আটি খালের ভাঙ্গাবাড়ি-সংলগ্ন পাড় ভরাট করে আবাসন প্রকল্পের নামে শাহজাহান মাস্টার কয়েক কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চলে গেছেন। তবে অভিযোগের বিষয়ে কথা বলার জন্য শাহজাহান মাস্টারকে পাওয়া যায়নি।
আটি এলাকার বাসিন্দা বেলাল হোসেন জানান, বুড়িগঙ্গার এই শাখা খোলামোড়া এলাকা থেকে কলাতিয়া হয়ে ধলেশ্বরী নদীর সঙ্গে যুক্ত ছিল। ১৪-১৫ বছর আগেও বর্ষা মৌসুমে নৌযান চলাচল করত। কিন্তু আটি জয়নগর থেকে কলাতিয়া পর্যন্ত খালের বেশ কিছু জায়গা দখল হতে হতে খালই হারিয়ে গেছে।
আটিবাজার ঘাটের ট্রলারচালক সিরাজ মাতবর (৫৮) বলেন, ‘১৮-২০ বছর আগেও আমরা এই খাল দিয়ে সোয়ারীঘাট থেকে কলাতিয়া বাজারে ট্রলারযোগে মালামাল নিয়ে আসছি। আটি জয়নগর এলাকা থেকে এই নৌপথ বন্ধ হয়ে যাওয়ায় আর কলাতিয়া বাজারে যাওয়ার সুযোগ নেই। এখন শুধু আটি জয়নগর পর্যন্ত ট্রলার চালাতে পারছি।’ তিনি জানান, খালের যেটুকু অংশে নৌযান চলাচল করছে, সে অংশটুকু দখলমুক্ত করা না হলে আগামী চার-পাঁচ বছর পর পুরো খালেই নৌযান চলাচল বন্ধ হয়ে যাবে।
মনির হোসেন বলেন, খোলামোড়া থেকে আটি জয়নগর পর্যন্ত খালের দুই পাশে দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে বাকি অংশটুকুও বিলুপ্ত হয়ে যাবে। সবার স্বার্থে এই খালের পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করা দরকার।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজ উর রহমান বলেন, খালের জায়গা ও জলাশয় কোনো অবস্থাতেই কাউকে দখল করতে দেওয়া যাবে না। খোঁজ নিয়ে দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।