
ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার সড়কটির আট কিলোমিটার অংশের কার্পেটিং উঠে ভরে গেছে খানাখন্দে। এতে সড়কটির ওই অংশ বেহাল হয়ে পড়েছে। সড়কের এ দশায় তৈরি হয়েছে অত্যন্ত ভোগান্তি।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কটি দিয়ে ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ও ডাকাতিয়া ইউনিয়ন এবং সখীপুর উপজেলাবাসী চলাচল করে। সড়কের প্রধান যানবাহন সিএনজিচালিত অটোরিকশা। মাঝে মাঝে মালবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহনও চলে। সড়কটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীন।
সরেজমিনে সম্প্রতি দেখা যায়, ভালুকা বাসস্ট্যান্ড থেকে শুরু করে চানপুর বাজার পর্যন্ত আট কিলোমিটার অংশেরই স্থানে স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ তৈরি হয়েছে। সড়কের বর্তা বাজার ও মল্লিকবাড়ি এলাকায় কয়েকটি স্থান যান চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। হেলেদুলে চলছে যানবাহন। বর্তা বাজার এলাকায় দেখা যায়, একটি গর্তে মালবাহী একটি ট্রাক আটকা পড়ে আছে। এতে সড়কটিতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
মল্লিকবাড়ি, বর্তা ও আংগারগারা বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, সড়কের বেহাল দশার কারণে বর্ষা মৌসুম জুড়েই বাজারে পানি ও কাদা জমে থাকে। এ অবস্থায় ব্যবসা করা কঠিন। বাজারে আসা মানুষকেও ভোগান্তিতে পড়তে হয়।
ওই সড়কে চলাচল করা সিএনজিচালিত অটোরিকশার চালক, যাত্রী ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ছোট এই সড়ক দিয়ে প্রায়ই মালবোঝাই ট্রাক চলাচল করায় এই বেহাল দশা তৈরি হয়েছে। অথচ সড়কটি দুই উপজেলার মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ। এ ছাড়া ভালুকা উপজেলার ডাকাতিয়া ও মল্লিক বাড়ি ইউনিয়নের মানুষ এই সড়ক দিয়ে প্রতিদিন উপজেলা সদরে যাতায়াত করে।
আকবর আলী নামের একজন অটোরিকশাচালক বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ১ হাজার সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। এ ছাড়া মাইক্রোবাস ও ট্রাকের মতো ভারী যানও চলে। সড়কটির বেহাল দশার কারণে প্রতিদিন ভোগান্তিতে পড়ছে মানুষ। ঈদ সামনে রেখে এই সড়কে যান চলাচল বাড়ায় দুর্ভোগও বেড়েছে।
সাবিকুন্নাহার নামের একজন যাত্রী বলেন, সড়কজুড়েই গর্ত। অটোরিকশা হেলেদুলে চলায় বসে থাকাও কঠিন।
সওজের ময়মনসিংহ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাসুদ খান বলেন, ‘আনুমানিক দুই মাস আগে সড়কের কিছু অংশে বিভাগীয় পর্যায়ে সংস্কার (দরপত্র না দিয়ে নিজস্ব সংস্কার) করা হয়েছে। সড়কটির কিছু অংশে গর্ত থাকতে পারে। তবে এত বেহাল বলে আমার জানা নেই। শিগগিরই সড়কটির অবস্থা দেখতে যাব।’