৮ গ্রামের মানুষের ভরসা সাঁকোটি নড়বড়ে

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে ৮টি গ্রামের প্রায় ১০ হাজার পরিবারের হাজারো মানুষ নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে। বছরের পর বছর ধরে এ অবস্থা চলে এলেও এখানে সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেই বলে ভুক্তভোগী লোকজনের অভিযোগ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, হারাগাছের বকুলতলা এলাকায় মরা তিস্তা নদীর ওপর স্থানীয় জনগণের উদ্যোগে প্রায় ১৫ বছর আগে বাঁশের একটি সাঁকো তৈরি করা হয়। প্রতিবছর সাঁকোটি এলাকার লোকজন নিজেদের উদ্যোগে সংস্কারও করে আসছেন।
হারাগাছ ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, হারাগাছ ইউনিয়নের নাজিরদহ, পল্লীমারী, চীনাতলী, পাগলার হাট, মিলন বাজার, একতা, ঠিকানা বাজার ও হকের হাট গ্রামে প্রায় ১০ হাজার পরিবারের বসবাস। এসব পরিবারের লোকসংখ্যা প্রায় ৪০ হাজার।
এসব গ্রামের বাসিন্দাদের প্রতিদিন নানা প্রয়োজনে হারাগাছ পৌর এলাকা ও খানসামা বাজারে যাতায়াতে মরা তিস্তার ওপর নির্মাণ করা এই সাঁকো পার হতে হয়। সাঁকোটির দৈর্ঘ্য প্রায় ২০০ ফুট ও প্রস্থ ৪ ফুট।
গতকাল শনিবার সরেজমিনে জানা যায়, স্থানীয় জনগণ ২০০২ সালে সাঁকোটি তৈরি করেন। এরপর থেকে প্রতিবছরই তাঁরা নিজেদের টাকায় এর রক্ষণাবেক্ষণ করেন। বর্ষা মৌসুমে সেতুটি দিয়ে চলাচলে ঝুঁকি বেড়ে যায়।
পল্লীমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রশীদ বলেন, সব নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা শুধু ভোটের জন্য এখানে একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। কিন্তু তা আর বাস্তবায়িত হয় না।
একতা বাজারের ব্যবসায়ী সানোয়ার হোসেন বলেন, নড়বড়ে সাঁকোর ওপর দিয়ে সাইকেলে করে কোনো রকমে মালামাল নিয়ে আসতে হয়। যেকোনো সময় পড়ে যাওয়ার ভয় থাকে।
হারাগাছ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাকিবুল হাসান বলেন, খানসামা বাজার ও হারাগাছ পৌর এলাকায় যাতায়াতে আটটি গ্রামের মানুষের বিকল্প কোনো পথ না থাকায় স্থানীয় জনগণ বাধ্য হয়ে সাঁকোটি তৈরি করেছেন। এখানে একটি সেতু নির্মাণের দাবি সব সময় তোলা হচ্ছে। কিন্তু তা আর হচ্ছে না। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একাধিকবার সাংসদকে বিষয়টি জানানো হয়েছে। তবে স্থানীয় সাংসদ টিপু মুনশি বলেন, সেতু নির্মাণে খুব শিগগির দরপত্র আহ্বান করা হবে।
কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, ‘এখানে একটি সেতু নির্মাণের জন্য আমরাও অনেক চেষ্টা করে চলেছি।’