৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌচলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে প্রায় আট ঘণ্টা ধরে বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে লঞ্চ-ফেরিসহ সব ধরনের নৌচলাচল শুরু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে নৌচলাচল বন্ধ হয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে আবার চলাচল শুরু হয়েছে।
রাতে দুই ঘাট থেকে ছেড়ে আসা পাঁচটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। আজ ভোর সাড়ে চারটার দিকে কুয়াশা একটু কমে গেলে ফেরিগুলো আবার ঘাটে ফিরে যায়। এরপর ভারী কুয়াশা পড়তে থাকলে দুই ঘাট থেকেই কোনো ফেরি বা লঞ্চ ছাড়েনি। পারাপারের অপেক্ষায় প্রায় ৪০০ যানবাহন আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম ফেরি ও লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।