৮ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌযান চলাচল শুরু
কুয়াশার কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় সাড়ে আট ঘণ্টা ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। এতে দুই ঘাটে আটকা পড়ে শত শত গাড়ি। মাঝনদীতে আটকা পড়ে গাড়িবোঝাই ছয়টি ফেরি।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নৌযান চলাচল শুরু হয়। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে চলাচল বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কাটতে শুরু করলে প্রথম পর্যায়ে দৌলতদিয়া প্রান্তে আটকে থাকা ফেরি শাহজালাল, রজনীগন্ধা ও কাবেরী ছেড়ে যায়।
কুয়াশার কারণে সংবাদপত্রও যথাসময়ে পৌঁছাতে পারেনি। গোয়ালন্দের সংবাদপত্র এজেন্ট আফজাল হোসেনের ভাষ্য, গতকাল বিকেল সাড়ে চারটার পর পত্রিকা এসে নামে। এ সময় স্থানীয় কয়েকজন গ্রাহককে পত্রিকা দেওয়া হয়। রাত হয়ে যাওয়ায় গতকালের পত্রিকা আজ সোমবার গ্রাহকদের দেওয়া হয়।