৮ ঘণ্টা পর ফেরি চলছে, যানজটে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। গতকাল বুধবার রাত ১১টা থেকে আজ বৃহস্পতিবার সকাল সাতটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ নদীতে চারটি ফেরি আটকা পড়ে। এ কারণে দৌলতদিয়া ও পাটুরিয়ায় যানজট বেড়েছে। শীতের মধ্যে যানজটে দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) জানিয়েছে, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকলে গতকাল রাত ১১টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এর আগে দুই ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় চারটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। ফেরিতে তিন শতাধিক যাত্রীসহ ৪০টির মতো গাড়ি ছিল। আজ সকাল সাতটার দিকে কুয়াশা কেটে গেলে লঞ্চ ও ফেরি চলাচল শুরু হয়। প্রায় আট ঘণ্টার মতো ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ও ঢাকা-আরিচা মহাসড়কে আটকা পড়েছে শত শত গাড়ি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলামের ভাষ্য, প্রায় আট ঘণ্টা ফেরি বন্ধ থাকায় দুই ঘাটে কয়েক শ গাড়ি আটকা পড়ে আছে। এমনকি গত মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত প্রায় সাড়ে ১২ ঘণ্টা ফেরি বন্ধের সময় আটকা পড়া অনেক ট্রাক এখনো নদী পাড়ি দিতে পারেনি। দুই ঘাটে আটকে পড়া শত শত মানুষ সারা রাত নদী ও সড়কে প্রচণ্ড শীতে দুর্ভোগ পোহান।