৮ ঘণ্টা সাগরে ভেসে কূলের দেখা

তখন রাত নয়টা। ভাটার সময় হলেও প্রচণ্ড বাতাসে সাগর ছিল উত্তাল। হঠাৎ বিশাল এক ঢেউ আছড়ে পড়ল জাহাজে। কিছু বুঝে ওঠার আগেই একের পর এক ঢেউয়ের আঘাতে কাত হয়ে যায় জাহাজটি। ভয়ে জাহাজে থাকা ১২ জনই আশ্রয় নেন ডেকে। তলা ফেটে ডুবে যেতে থাকে জাহাজ। সাহায্যের জন্য জাহাজ থেকে বেতারে জরুরি বার্তা পাঠানো হয়। একপর্যায়ে বয়া ও লাইফ জ্যাকেট নিয়ে অন্ধকারে সাগরে ঝাঁপ দেন সবাই।
টানা প্রায় আট ঘণ্টা সাগরে ঢেউয়ের সঙ্গে যুদ্ধ করে ভেসে রইলেন তাঁরা। সকালে সন্দ্বীপের উপকূল থেকে তাঁদের ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন। একজন নিখোঁজ রয়েছেন। সাগরের যে অংশে জাহাজটি ডুবেছে, সেখান থেকে চট্টগ্রামের সন্দ্বীপের উপকূল প্রায় ১৩ মাইল দূরে। এতক্ষণ দেওয়া বর্ণনা ‘ভাগ্যগুণে’ বেঁচে যাওয়া ওই জাহাজের মাস্টার মো. মনিরুজ্জামান ও সুকানি (চালকের সহকারী) ইয়াকুব আলীর। কিছুটা সুস্থ হওয়ার পর গতকাল মঙ্গলবার দুপুরে সন্দ্বীপের মগধরা এলাকা থেকে মুঠোফোনে দুজন প্রথম আলোকে বলেন, আল্লাহ সহায় ছিলেন বলেই তাঁরা রক্ষা পেয়েছেন।
গত সোমবার রাতে সন্দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবে যায় লাইটার জাহাজ ‘এমভি বর্ষণ-৩’। জাহাজটিতে মাস্টার, সুকানিসহ ১২ জন ছিলেন। যশোরের নোয়াপাড়া থেকে ১ হাজার ৮০০ টন ফ্লাই অ্যাশ (সিমেন্ট শিল্পের কাঁচামাল) নিয়ে জাহাজটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর ঘাটে যাচ্ছিল।
জাহাজের মাস্টার মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ১২ জন একসঙ্গে সাগরে ঝাঁপ দেওয়ার সময় ‘গ্রিজার’ (ইঞ্জিনকক্ষের কর্মী) রুহুল আমিন আঘাত পান। অজ্ঞান হয়ে পড়ায় কয়েকজন তাঁকে ধরে রাখেন। তবে বড় বড় ঢেউয়ের তোড়ে বেশিক্ষণ তাঁকে সামলে রাখা যায়নি। ঢেউয়ের টানে রুহুল ছিটকে যান। তিনি বলেন, জোয়ারের টানে ভাসতে ভাসতে প্রায় আট ঘণ্টা পর উপকূলের দেখা পান তাঁরা। তিনি বলেন, সাগরে ভাসতে ভাসতে একপর্যায়ে অচেতন হয়ে পড়েন তিনি। চেতনা ফিরে পাওয়ার পর দেখেন, লোকজন তাঁকে তীর থেকে টেনে তুলছেন।
লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নবী আলম প্রথম আলোকে বলেন, দীর্ঘক্ষণ সাগরে ভেসে থাকায় উদ্ধার হওয়া ১১ জনের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের কাল (বুধবার) সন্দ্বীপ থেকে চট্টগ্রামে আনা হবে। তিনি বলেন, জাহাজ ডুবে যেতে থাকলে বেতার বার্তায় সাহায্য চান মাস্টার। কিন্তু সাগর উত্তাল থাকায় তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি অন্য কোনো জাহাজ যেতে পারেনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (নৌপথ) মো. আক্কাছ আলী বলেন, ভাসানচর-১ ও দক্ষিণ-পূর্ব বয়ার মাঝামাঝি সাগরে জাহাজটি ডুবে যায়।
গতকাল ভোরে সন্দ্বীপের উপকূল থেকে দুজনকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দা নূর ইসলাম। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তীরে দুজনকে (ইয়াকুব আলী ও মো. হাসান) পড়ে থাকতে দেখে তাঁদের উদ্ধার করে বাসায় নিয়ে যান তিনি। তখন তাঁদের চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। অন্যদের সন্দ্বীপের দক্ষিণ উপকূলীয় এলাকা থেকে উদ্ধার করা হয়।
সন্দ্বীপ থানার পরিদর্শক (তদন্ত) বিজন কুমার বড়ুয়া বলেন, বেলা ১১টার মধ্যে ১১ জনকে উপকূলীয় এলাকার বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়।