৮ জনের ফাঁসি ও ১২ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে রেদোয়ান মহসিন হত্যা মামলার রায়ে ৮ জনকে ফাঁসি ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন শুধাংশু সেন (৪৫), সুভাষ সেন (৪০), এরশাদ আলী (২৮), আবদুল মালেক (৪৫), মোশারফ মিয়া (৪০), আবুল কালাম (৩২), আতাউর রহমান (৩৫) ও আবুল কাসেম (৩০)। তাঁদের সবার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। তাঁদের মধ্যে শুধাংশু, সুভাষ ও মালেক রায়ের সময় আদালতে হাজির ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত ১২ জনের মধ্যে রয়েছেন হরমুজ আলী (২৮), মোস্তাক আহমদ (২৬), জানু মিয়া (২৮), সানু মিয়া (৩২), জাবেদ আলী (৩২), আবু জাহির (২৭), বকুল মিয়া (২৭), আমির হোসেন (৩০), দুলাল মিয়া (৩০), কালাম মিয়া (৩২) ও ছায়েদ আলী (২৯)। তাঁদের বাড়িও একই এলাকায়। এই ১২ জনের মধ্যে ছায়েদ আলী ছাড়া বাকি সবাই পলাতক।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, মাধবপুরের গাংগাইল গ্রামে ২০১১ সালের ৭ জানুয়ারি মাঝরাতে জমিসংক্রান্ত ও পূর্ববিরোধের সূত্র ধরে ওই গ্রামের রেদোয়ান মহসিনের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আসামিরা তাঁকেসহ পরিবারের লোকজনকে বেধড়ক পেটায়। তারা রেদোয়ানের পায়ের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ৯ জানুয়ারি নিহত ব্যক্তির স্ত্রী হাসিনা আক্তার এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ২০১৩ সালের ৩ নভেম্বর ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। এ মামলায় ৩২ জন সাক্ষ্য দেন।

মামলা চলাকালে হিমাংশু সূত্রধর নামে এক আসামির মৃত্যু হয়।