ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম রকিব হায়দারকে মারধরের ঘটনায় করা মামলায় গতকাল সোমবার আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। এদিকে গতকাল মামলার তিন আসামির জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
গত ৬ মে ফেনীর পরশুরামের ধনিকুন্ডা রাস্তার মাথা এলাকায় ইউএনওকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়। এ ঘটনায় ইউএনওর গাড়িচালক আবুল কাশেম সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে পরশুরাম মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা করেন। পুলিশ এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া মামলার প্রধান আসামিসহ দুজন আদালতে আত্মসমর্পণ করেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ গতকাল মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি খায়রুল বাশার মজুমদার এবং উপজেলার চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিনসহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। আদালত ২৬ মে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবুল কাশেম চৌধুরী অভিযোগপত্র জমা দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল মামলার আসামি খায়রুল বাশার মজুমদার, জসিম উদ্দিন এবং পরশুরাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মান্নান জ্যেষ্ঠ বিচারিক হাকিম শেখ মো. বদিউল আলমের আদালতে জামিনের আবেদন করেন। আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন।